ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
২২ ফেব্রুয়ারি ২০২৪ ০৭:১৩
ছবি: সংগৃহীত
গৃহকর্মীর মৃত্যুর এক মামলায় কারাগারে থাকা ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকারতে গৃহকর্মী আহত হওয়ার অন্য মামলায় অব্যাহতি দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকী আল ফারাবী এ অব্যাহতির আদেশ দিয়েছেন।
এ মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি মর্মে পুলিশ আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। সে প্রতিবেদন গ্রহণ করে আদালত আসামিদের অব্যাহতি দিয়েছেন।
অব্যাহতি পাওয়া মামলায় বলা হয়, গতবছরের ৪ আগস্ট রাজধানীর মোহাম্মদপুরে সাংবাদিক আশফাকুল হকের বাসার আটতলা থেকে পড়ে আহত হয় ফেরদৌসী নামে এক গৃহকর্মী। পরে এ ঘটনায় তার মা জোছনা বেগম মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় সৈয়দ আশফাকুল হক, তার স্ত্রী তানিয়া খন্দকার ও আসমা আক্তার শিল্পী নামে এক নারীকে আসামি করা হয়।
মামলায় মা জোছনা বেগম অভিযোগ করেন, ‘মামলার ৩ নম্বর আসামি আসমা আক্তার শিল্পীর বাসায় আমার বড় মেয়ে কাজ করত। এক মাস আগে সে ওই বাসা থেকে গ্রামে চলে আসে। এরপরই শিল্পী আমার মেঝো মেয়ে ফেরদৌসীকে তার বাসায় কাজের কথা বলে নিয়ে আসে। কিন্তু চলতি মাসের ১ তারিখে (২০২৩ সালে ১ আগস্ট) তাকে মোহাম্মদপুরে সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকারের বাসায় কাজ করতে পাঠান শিল্পী।’
তিনি আরও বলেন এরপর থেকে আমি যোগাযোগের চেষ্টা করলে আশফাকুল হক ও তানিয়া খন্দকার আমার সঙ্গে মেয়েকে কথা বলতে দেননি। তাকে মারধর করত। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। অত্যাচার থেকে বাঁচতে ফেরদৌসী বাসার অরক্ষিত অবস্থায় রাখা নিরাপত্তা বেষ্টনীবিহীন জানালা দিয়ে লাফ দেয়।
গত ৬ ফেব্রুয়ারি আশফাকুল হকের রাজধানীর মোহাম্মদপুরে আবাসিক ভবনের নবম তলা থেকে পড়ে এক কিশোরী গৃহকর্মীর মৃত্যু হয়। এ ঘটনায় গত ৭ জানুয়ারি সৈয়দ আশফাকুল হক, তার স্ত্রী তানিয়া খন্দকারের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন গৃহকর্মী প্রীতির বাবা লুকেশ ওড়ান। এরপর তাদের গ্রেপ্তার করা হয়।
এসএ/