ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


২০ অক্টোবর ২০২৪ ০৩:১৩



সারদায় শিক্ষানবিশ এএসপিদের সমাপনী কুচকাওয়াজ স্থগিত

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

২০ অক্টোবর ২০২৪ ০৩:১৩

সারদায় শিক্ষানবিশ এএসপিদের সমাপনী কুচকাওয়াজ স্থগিত

ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশ একাডেমিতে আজ রোববার হতে যাওয়া সহকারী শিক্ষানবিশ পুলিশ সুপারদের (এএসপি) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ স্থগিত করা হয়েছে। গতকাল রাতে অনিবার্য কারণ দেখিয়ে এ আয়োজন স্থগিত করার ঘোষণা দেয়া হয়।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, এবার ৪০তম বিসিএস (পুলিশ) ক্যাডারে নিয়োগ পাওয়া শিক্ষানবিশ এএসপিদের সমাপনী কুচকাওয়াজ হওয়ার কথা ছিল রোববার সকাল ১০টায়। এতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর অভিবাদন গ্রহণ এবং প্যারেড পরিদর্শন করবেন বলে জানানো হয়েছিল।

এ উপলক্ষে গতকাল রাতে সারদা পুলিশ একাডেমিতে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা ও পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) রাতে সারদায় পুলিশ একাডেমিতে অবস্থান করেন।

রীতি অনুযায়ী, বিসিএসে নিয়োগ পাওয়া পুলিশ ক্যাডাররা সারদায় পুলিশ একাডেমিতে এক বছরের মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করেন। এরপর সমাপনী কুচকাওয়াজের শেষে তাঁদের কর্মস্থলে সংযুক্ত করা হয়। তবে এবারই প্রথম কোনো কুচকাওয়াজ স্থগিত করা হলো। 

এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের  অন্যতম সমন্বয়ক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সালাউদ্দিন আম্মার গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে অভিযোগ করে লেখেন, আওয়ামী লীগ সরকারের আমলে ৪০তম বিসিএস (পুলিশ) ক্যাডারের নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন হয়েছিল। এতে অন্তত ৬২ জন ছাত্রলীগ নেতা নিয়োগ পেয়েছেন।

তিনি ছাড়াও সমন্বয়কদের কয়েকজন কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগদানের জন্য আমন্ত্রণপত্র পেয়েছিলেন। পরে একটি ফেসবুক পোস্টে আমন্ত্রণ প্রত্যাখ্যানের বিষয়টি জানান সমন্বয়ক সালাউদ্দিন আম্মার।

এর আগে গতকাল রাজশাহীতে সাংবাদিকদের এক প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গত ১৫ বছরে বিসিএসে মেরিটের বাইরেও বিশেষ বিবেচনায় যাদের নিয়োগ দেওয়া হয়েছে তাদের বিষয়ে অনুসন্ধান চলছে। প্রমাণ পেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হতে পারে।

সার্বিক পরিস্থিতিতে আজ দুপুর ১টায় রাজশাহী মহানগর পুলিশের কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফ করার কথা রয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টার। ধারণা করা হচ্ছে, সেখানে কুচকাওয়াচ স্থগিতের প্রসঙ্গটি আলোচনায় আসতে পারে।

এসএ/