ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
০৬ ডিসেম্বর ২০২৪ ০৯:০৯
ছবি: সংগৃহীত
সিরিয়ায় সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে লড়াই ছড়িয়ে পড়েছে। আর এতে নতুন করে আরও ১৫ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যূত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। শুক্রবার জেনেভায় জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির জরুরি সমন্বয়ক, কৌশলগত বিশ্লেষণ ও মানবিক কূটনীতিবিষয়ক পরিচালক সামের আবদেলজাবের এক বিবৃতিতে এ তথ্য জানান।
এসময় বিবৃতিতে সামের আবদেলজাবের জানান,
সহিংসতা শুরুর পর ইতিমধ্যে ২ লাখ ৮০ হাজার মানুষ বাস্তুচ্যূত হয়েছে।
জাতিসংঘের এই ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন,
‘যদি পরিস্থিতি এভাবে অব্যাহত থাকে। আমরা আশা করছি সম্মিলিতভাবে প্রায় ১.৫ মিলিয়ন
(১৫ লাখ) মানুষ বাস্তুচ্যূত হবে। এজন্য আমাদের আরও ত্রাণ সহায়তার প্রয়োজন হবে।’
সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে ইদলিব ঘাঁটিতে
বছরের পর বছর অনেকটা ঘাপটি মেরেই ছিল বিদ্রোহীরা। হঠাৎ করে তারা সরকারি বাহিনীর বিরুদ্ধে
তীব্র আক্রমণ শুরু করেছে। ১৩ বছর ধরে চলা এই গৃহযুদ্ধে এবারই সবচেয়ে বেশি আক্রমণ-পাল্টা
আক্রমণ দেখা যাচ্ছে।
ত্রাণ সংস্থাগুলো বলছে, তারা এ বছর লক্ষ্যমাত্রার
৪ বিলিয়ন ডলারের মাত্র এক-তৃতীয়াংশ সংগ্রহ করতে সক্ষম হয়েছে। নতুন লড়াই শুরু হওয়ার
তাদের আরও ত্রাণ সরবরাহ প্রয়োজন।
এই মাসের শুরুতে জাতিসংঘের মানবিক কার্যালয়
জানিয়েছিল, অপর্যাপ্ত তহবিলের কারণে সিরিয়ায় খাদ্য সহায়তা ৮০ শতাংশ পর্যন্ত কমাতে
হয়েছে।
এ প্রসঙ্গে সামের আবদেলজাবের বলেন, ‘এর
আগেও সিরিয়ার পরিস্থিতি সহজ ছিল না। এখন আমরা সংকটের ওপর সংকট দেখছি। এজন্য আমরা জরুরি
ভিত্তিতে ত্রাণ তহবিল সংগ্রহের ওপর জোর দিচ্ছি।’
/এসবি