ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
০৯ ডিসেম্বর ২০২৪ ০৫:৪৩
ফাইল ছবি
দেশের রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক বিপর্যয়সহ নানা প্রসঙ্গ তুলে ধরে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কড়া সমালোচনা করেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। রবিবার ব্রিটেনে আওয়ামী লীগের আয়োজন এক সভায় তিনি এই সমালোচনা করেন।
শেখ হাসিনা দাবি করেন, বাংলাদেশে এখন ‘অরাজকতা’ চলছে। নাগরিকদের কোনও শান্তি নেই সেখানে। তাঁর কথায়, ‘ঘরে শান্তিতে ঘুমোনোর উপায় নেই। চুরি, ডাকাতি হচ্ছে। যে কোনও সময় তদন্ত হতে পারে। এই তদন্তের নির্দেশ কে দিচ্ছেন?’ তিনি এ-ও জানিয়েছেন, বাংলাদেশের মানুষের এখন ‘ন্যায়বিচার’ চাওয়ার অধিকার নেই।
শেখ হাসিনা প্রশ্ন করেন, কেন বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে। তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার, বেঁচে থাকার অধিকার হরণ করা হয়েছে। সংখ্যালঘুদের বাড়িঘর লুট হয়েছে। মন্দির, গির্জা ধ্বংস করা হয়েছে।’ তবে তাঁর আশা, “এই অন্ধকার শিগগিরই কেটে যাবে। নতুন সূর্য উদিত হবে।’
ব্রিটেনের সভায় অন্তর্বর্তী সরকারের দিকেই বার বার আঙুল তুলেছেন হাসিনা। দাবি করেছেন, জনবিক্ষোভের সময় তিনি শক্তি প্রয়োগ করেননি। তিনি বলেন, “আমি চাইনি মানুষের প্রাণ যাক। পুলিশ শুধু রাবার বুলেট ব্যবহার করেছে। অথচ যারা জনবিক্ষোভের সময় হত্যা ও অগ্নিসংযোগ করেছে, তাদের ক্ষমা করে দেওয়া হয়েছে। এটা প্রমাণ করে, অন্তর্বর্তী সরকারের মাস্টারমাইন্ড ইউনূস তাদের অপরাধ আড়াল করতে চেয়েছেন।”
বাংলাদেশের অর্থনৈতিক অবস্থাও তার বক্তৃতায় উঠে আসে। তিনি অভিযোগ করেন, শেয়ারবাজার থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে, ব্যাংকিং খাত দুর্বল হয়ে পড়ছে। এর দায় বর্তমান সরকারের।
এসএ/