ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
১০ ডিসেম্বর ২০২৪ ০৮:৪৫
ছবি: সংগৃহীত
‘জয় বাংলা'কে বাংলাদেশের জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন।
হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে অন্তর্বর্তী
সরকারের করা লিভ টু আপিল আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) প্রধান বিচারপতি
সৈয়দ রেফাত আহমেদের আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।
আবেদনের শুনানিকালে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।
'জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা
চেয়ে করা এক রিটের চূড়ান্ত শুনানি শেষে ২০২০ সালের ১০ মার্চ হাইকোর্ট ওই রায় দেন। রায়ে
‘জয় বাংলা’ বাংলাদেশের জাতীয় স্লোগান হবে এবং জাতীয় দিবস, সরকারি অনুষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানে
স্লোগানটি উচ্চারণের জন্য পদক্ষেপ নিতেও বলা হয়। ২০১৭ সালে ওই রিট করেন সুপ্রিম কোর্টের
এক আইনজীবী।
হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে মন্ত্রিপরিষদ
সচিবসহ অন্যরা চলতি বছর লিভ টু আপিলটি (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করেন। শুনানি নিয়ে
এক হাজার ৭২১ দিন বিলম্ব মার্জনা করে লিভ টু আপিল মঞ্জুর করে আদেশ দেন আদালত। আদালতে
রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।
শুনানিতে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক
আর হক বলেন, ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করে ২০২০ সালের ১০ মার্চ হাইকোর্ট
রায় দেন। রায়ের দুই বছর পর স্লোগান বাধ্যতামূলক করে প্রজ্ঞাপন দেওয়া হয়। সংবিধানে জাতীয়
সংগীত, জাতীয় পতাকা ও জাতীয় প্রতীকের কথা বলা হয়েছে। তবে জাতীয় স্লোগানের কথা নেই।
রাজনৈতিক প্রশ্নের মতবাদ অনুযায়ী এ বিষয়গুলো আদালতের বিচার্য বিষয় নয়। বিষয়টি নীতিগত
সিদ্ধান্তের বিষয়। যে কারণে জনগণের ম্যান্ডেট নিয়েই করতে হবে, যা জাতীয় সংসদ করতে পারেন।
আদালতের এ বিষয়ে হস্তক্ষেপ করার সুযোগ নেই। এ বিষয়ে (জয় বাংলা স্লোগান) বিগত সরকারের
অনড় রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কারণে লিভ টু আপিল দায়েরে বিলম্ব বলে উল্লেখ করেন অতিরিক্ত
অ্যাটর্নি জেনারেল।
/এসবি