ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


১৫ জুলাই ২০২৫ ০৯:২০



বরিশালে বাসায় ঢুকে সাবেক স্বাস্থ্য কর্মকর্তাকে হত্যা

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

১৫ জুলাই ২০২৫ ০৯:২০

বরিশালে বাসায় ঢুকে সাবেক স্বাস্থ্য কর্মকর্তাকে হত্যা

ছবি: সংগৃহীত

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বাসায় ঢুকে সাবেক এক স্বাস্থ্য কর্মকর্তাকে ছুরি মেরে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার গোলদার বাড়ী এলাকায় এ ঘটনা ঘটে বলে বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ জানান।

নিহত আব্দুস সত্তার হাওলাদার (৬৫) উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধল মৌ গ্রামের গোলদার বাড়ীর বাসিন্দা। তিনি অবসরপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক।

পুলিশ জানায়, দুইতলা ভবনের নিচতলায় স্ত্রীকে নিয়ে থাকতেন সত্তার হাওলাদার। দুপুর সাড়ে ১২টার দিকে বাসার কলিংবেলের শব্দ শুনে তিনি দরজা খুলে দেন। এসময় এক ব্যক্তি তাকে ছুরিকাঘাত করেন। সঙ্গে সঙ্গে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আবুল কালাম আজাদ বলেন, ‘কে এবং কেন- এই ঘটনা ঘটিয়েছে সব কিছুই অজ্ঞাত। বৃদ্ধের স্ত্রী ও স্বজনরাও কিছু বলতে পারছেন না। তদন্ত না করে বিস্তারিত কিছু বলতে পারব না।’

লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতের স্ত্রী নাসিমা বেগম বলেন, ‘দুপুরে ঘরের দরজায় কে বা কারা নক দেয়। এ সময় আমার স্বামী দরজা খুলে দেন। কিছু বুঝে ওঠার আগেই এক লোক ছুরি দিয়ে কুপিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে। হত্যাকারী পাঞ্জাবি পরিহিত এবং তার মুখে দাঁড়ি ছিল। পরে তিনি পালিয়ে যান।’

নিহতের ভাইয়ের ছেলে লিটন হাওলাদার জানান, তার চাচার সঙ্গে এলাকায় কারোর শত্রুতা ছিল না। কে বা কারা কী কারণে তাকে হত্যা করেছে তা বোধগম্য নয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জাহিদ হাসান বলেন, নিহতের শরীরে একাধিক ছুরিকাঘাত করায় অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা গেছেন।

/এসবি