কনটেন্ট ক্রিয়েটর, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
১৩ জুলাই ২০২২ ০৭:০৫
প্র্রতীকী ছবি
জার্মানিতে বছরের পর বছর ধরে অবৈধভাবে থাকছেন—
এমন হাজারো অভিবাসী সেখানে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পেতে যাচ্ছেন। বুধবার (১৩ জুলাই)
এ সংক্রান্ত একটি নতুন অভিবাসন বিল অনুমোদন করেছে জার্মান সরকার।
দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, যারা
এ সুযোগ পেতে যাচ্ছেন, তাদের মধ্যে অনেক বাংলাদেশিও আছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, জার্মান মন্ত্রিসভায়
অনুমোদন হওয়া এ অভিবাসন বিলের কারণে চলতি বছরের ১ জানুয়ারির মধ্যে অন্তত পাঁচ বছর ধরে
দেশটিতে বসবাসকারী ১ লাখ ৩৬ হাজার অভিবাসী স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাবেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, যারা দেশটিতে স্থায়ীভাবে
থাকার জন্য যোগ্য হবেন, তারা শুরুতে এক বছরের ‘রেসিডেন্সি স্ট্যাটাস’ এর জন্য আবেদন
করতে পারবেন। এক বছর পর জার্মানিতে স্থায়ী বসবাসের জন্য আবেদন করতে হবে। তবে তাদের
অবশ্যই স্বাধীন জীবনযাপন করার জন্য পর্যাপ্ত অর্থ উপার্জন করতে হবে; জার্মান ভাষায়
কথা বলতে জানতে হবে; সেই সঙ্গে তারা যে জার্মান সমাজে ‘সংহত’ তা প্রমাণ করতে হবে।
তবে ২৭ বছরের কম বয়সী ব্যক্তি, যারা ইতিমধ্যেই
জার্মানিতে তিন বছর ধরে আছেন, তারা এমনিতেওই স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদন করতে পারেন।
জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেজার
সাংবাদিকদের বলেন, ‘আমরা চাই যারা সুসংহত, তারা আমাদের দেশের সুযোগ–সুবিধা ভোগ করুক।
যারা ইতিমধ্যে আমাদের সমাজের অংশ হয়ে উঠেছে, তাদের নিয়েই আমরা আমলাতন্ত্র ও অনিশ্চয়তার
অবসান ঘটাতে পেরেছি।’
জেডএস/কেএ