কনটেন্ট ক্রিয়েটর

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


২৫ এপ্রিল ২০২২ ০৩:৩৫



তেল কেনার টাকাও নেই শ্রীলঙ্কার হাতে!

কনটেন্ট ক্রিয়েটর, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

২৫ এপ্রিল ২০২২ ০৩:৩৫

তেল কেনার টাকাও নেই শ্রীলঙ্কার হাতে!

রাজনৈতিক অস্থিরতার কারণে বড় রকমের সংকটে পড়েছে শ্রীলঙ্কার অর্থনীতি। এর ওপর আবার করোনা মহামারির কারণে স্তব্ধ হয়ে পড়েছে দক্ষিণ এশিয়ার এই দেশটির পর্যটনশিল্প। ফুরিয়ে গেছে তাদের বিদেশি মুদ্রার ভাণ্ডারও।

সব মিলিয়ে দ্বীপ রাষ্ট্রটির অবস্থা এতটাই সঙ্গীন যে দুটি জাহাজে করে বিদেশ থেকে তেল এলেও ডলারের অভাবে তা খালাস করা যাচ্ছে না বলে জানিয়েছেন দেশটির তেলমন্ত্রী উদয় গমনপিলা।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, সরকারের বেঁধে দেওয়া দামে ডিজ়েল বিক্রি করতে গিয়েও সমস্যায় পড়ছে সে দেশের রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ‘কেলন পেট্রলিয়াম করপোরেশন’। সংস্থাটি ২০২১ সালে লোকসান দিয়েছে সাড়ে ৪১ কোটি ডলার। সংস্থার দাবি, এই মুহূর্তে হাতে তেল কেনার অর্থ নেই।

মন্ত্রী জানান, দেড় মাস ধরেই সরকারকে বিষয়টি নিয়ে সতর্ক করেছেন তিনি। তার মতে, এখন অবস্থা সামাল দিতে পাম্পে তেলের দর বাড়ানো ছাড়া উপায় নেই। কমানো উচিত আমদানি শুল্কও।

চলতি বছরের শুরুতে ইন্ডিয়ান অয়েলের কাছ থেকে ৪০ হাজার টন ডিজ়েল ও পেট্রল কিনেছে শ্রীলঙ্কা। কিন্তু শুধু তেলই নয়; খাদ্যসহ অন্যান্য নিত্যপণ্যের সংকটও দেখা দিয়েছে দেশটিতে। আগের মাসের তুলনায় গত জানুয়ারিতে মূল্যস্ফীতি বেড়েছে রেকর্ড ২৫ শতাংশ। দেশটির বিদেশি মুদ্রা ভাণ্ডার বাড়াতে ও খাদ্যপণ্য আমদানি করতে ৯০ কোটি ডলারের ঋণ দেওয়ার কথা বলেছে ভারত।