কনটেন্ট ক্রিয়েটর

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


২৬ মে ২০২২ ০৪:২২



বিশ্বের সবচেয়ে কম বয়সী ৫ পেশাদার ফুটবলার

কনটেন্ট ক্রিয়েটর, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

২৬ মে ২০২২ ০৪:২২

বিশ্বের সবচেয়ে কম বয়সী ৫ পেশাদার ফুটবলার

প্রতীকী ছবি

ফুটবল যে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা, এ নিয়ে কোনো বিতর্কই নেই। এই খেলা নিয়ে বিশ্বজুড়ে এতটাই মাতামাতি যে, প্রিয় দলের বিজয় উদযাপন করতে গিয়ে অনেকের মৃত্যুও হয়েছে। তর্ক-বিতর্ক কিংবা দর্শকদের মধ্যে মারামারির ঘটনা তো স্বাভাবিক হয়েই দাঁড়িয়েছে। ব্রাজিল কিংবা আর্জেন্টিনার মতো এমন অনেক দেশ আছে, যাদের বিদেশি মুদ্রার বড় একটা অংশ আসে ফুটবলার ‘রপ্তানি’ থেকে। এসব দেশে চার-পাঁচ বছর বয়সেই অনেক শিশু নাম লেখান বিভিন্ন ফুটবল ক্লাবে। একটা পর্যায়ে গিয়ে মাঠে নামেন পেশাদার ফুটবলার হিসেবে। একজন পেশাদার ফুটবলারের খাতায় নাম উঠাতে একজন ফুটবলারের গড়ে ২০-২২ বছর বয়স হয়ে যায়। আবার প্রতিভার গুণে আরও আগেই গায়ে পেশাদার ফুটবলারের জার্সি পরেন  অনেকে। আজকের এই লেখা তাদের নিয়েই-

৫. মার্টিন ওডেগার্ড

মার্টিন ওডেগার্ড। জন্ম নরওয়ের ড্রামেন শহরে; ১৯৯৮ সালে। মাত্র পনের বছর বয়সে নরওয়ের প্রথম সারির ফুটবল লীগ তিপপেলিগানে নাম লেখান তিনি। ২০১৪ সালের মে মাসে এই লীগের সবচেয়ে কম বয়সী গোলদাতার খেতাব অর্জন করেন তিনি।  এই ফুটবল তারকা খুব কম  সময়ের মধ্যে নিজেকে ক্লাবের  অন্য খেলোয়াড়ের থেকে আলাদা করে তোলেন। তার স্বীকৃতিও পান তিনি। ওডেগার্ডের দিকে নজর পড়ে বিশ্বের শীর্ষস্থানীয় স্প্যানিশ ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদের। সেখানেও রেকর্ড গড়েন ওডেগার্ড, ১৬ বছর বয়সে রিয়াল মাদ্রিদের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে মাঠে নামেন তিনি। বর্তমানে রিয়াল মাদ্রিদ থেকে ধারে (লোন) ইংলিশ ক্লাব আর্সেনালের হয়ে খেলছেন এই মিডফিল্ডার।

৪. পেলে

আমেরিকা অঞ্চলের অনেক দেশেই ফুটবল সবচেয়ে জনপ্রিয় খেলা। কিন্তু দর্শক সংখ্যায় এই অঞ্চল কখনোই ইউরোপকে ছাড়িয়ে যেতে পারেনি। আমেরিকায় এমন কোটি কোটি মানুষ হয়তো পাওয়া যাবে, যারা কোনো ফুটবল স্পর্শ করেও দেখেনি। কিন্তু এমন লোক পাওয়া প্রায় অসম্ভব, যিনি পেলের নাম শোনেননি। পৃথিবীর প্রায় অর্ধেক মানুষই মানেন যে, তিনিই সর্বকালের সেরা ফুটবলার। পেলে মাত্র ১৫ বছর বয়সে পেশাদার ফুটবল হিসেবে ক্যারিয়ার শুরু করেন। আর ১৭ বছর বয়সে বিশ্বকাপ ফুটবলের (১৯৫৮) ফাইনাল ম্যাচ খেলেন তিনি। আর সুইডেনের বিপক্ষে ওই ম্যাচে ৫-২ ব্যবধানে জয় পায় ব্রাজিল। পেলে করেন দুই গোল। তিনি এখন পর্যন্ত বিশ্বকাপ জেতা সবচেয়ে কম বয়সী ফুটবলার; বিশ্বকাপে সবচেয়ে কমবয়সী গোলদাতা এবং সবচয়ে কমবয়সী খেলোয়াড়, যিনি বিশ্বকাপের ফাইনালে গোল করেছেন।

৩. ফ্রেদুয়া আদু

ফ্রেদুয়া আদুর ভেতরে পেলের ছায়া খুঁজে পেয়েছিলেন অনেকে। যদিও সেই ছায়া তিনি বেশি দিন ধরে রাখতে পারেননি। ঘানায় জন্ম নেওয়া আদু ১৯৯৭ সালে আট বছর বয়সে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। ২০০৪ সালে মাত্র ১৪ বছর বয়সে ডি. সি. ইউনাইটেড ক্লাবের সঙ্গে চুক্তি করেন তিনি। যুক্তরাষ্ট্রের ইতিহাসে আদুই সবচেয়ে কম বয়সী পেশাদার ফুটবলার। 

২. সোলায়মান মামাম

সোলায়মান মামাম টোগোর ফুটবল তারকা। তের বছর বয়সেই মামাম একজন পেশাদার ফুটবলার হয়ে ওঠেন। ২০০১ সালে জাম্বিয়ার বিপক্ষে মাঠে নামার মধ্যদিয়ে পেশাদার ফুটবল জগতে তার অভিষেক ঘটে। টোগোর এই মিডফিল্ডারের বয়স নিয়ে রয়েছে মতভেদ। তিনি যখন বেলজিয়ামের রয়াল এন্টওয়ার্প ক্লাবের হয়ে খেলা শুরু করেন, তখন তার জন্ম সাল ১৯৮৫ দেখানো হয়। অপরদিকে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের (ফিফা) তথ্য অনুযায়ী, মামামের জন্ম সাল ১৯৮৭।

১. মাউরিসিও বালদিভিয়েসো

বিশ্বের সবচেয়ে কম বয়সী পেশাদার ফুটবল খেলোয়াড় মাউরিসিও বালদিভিয়েসো। মাউরিসি’র জন্ম বলিভিয়ার লাপাজে; ১৯৯৬ সালে । মাত্র ১২ বছর বয়সে এই মিডফিল্ডার বলিভিয়ার ক্লাব অরোরার মাধ্যমে পেশাদার ফুটবলা জীবন শুরু করেন। এতো কম বয়সে ক্লাবে খেলতে যাওয়ার পেছনে তার বাবার অবদান সবচেয় বেশি, যিনি ছিলেন ওই ক্লাবের ম্যানেজার। যত ‘তাড়াতাড়ি’ যাত্রা শুরু করেছিলেন, সেই হিসাবে বেশি দূর এগোতে পারেননি বালদিভিয়েসো। ২০১৮ সালে সান জোসে ক্লাবের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর আর কখনোই পেশাদার ফুটবলার হিসেবে মাঠে নামেননি তিনি।

সূত্র : ওলডেস্ট

ইউএইচ/কেএ