কনটেন্ট ক্রিয়েটর

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


২৫ এপ্রিল ২০২২ ০২:৩৯



এমবাপ্পের সামনে সর্বোচ্চ পারিশ্রমিকের প্রস্তাব

কনটেন্ট ক্রিয়েটর, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

২৫ এপ্রিল ২০২২ ০২:৩৯

এমবাপ্পের সামনে সর্বোচ্চ পারিশ্রমিকের প্রস্তাব

ছবি : টুইটার

ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পেকে কেনার জন্য দীর্ঘ দিন ধরেই ঘুর ঘুর করছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। বিশ্বের অন্যতম সফল এই ক্লাবে টাকার যেমন অভাব নেই, কমতি নেই খ্যাতিরও। ফলে এমন ক্লাব থেকে এমবাপ্পেকে দূরে রাখা ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) জন্য চ্যালেঞ্জের ব্যাপার হয়েই দাঁড়িয়েছে। তবে যেকোনো মূল্যেই তাকে ধরে রাখতে চায় পিএসজি। এ জন্য এমবাপ্পের জন্য বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিকের ফুটবলার হওয়ার প্রস্তাব দেবে ক্লাবটি।

স্পেনের খেলাধূলাবিষয়ক সংবাদপত্র মার্কা এক প্রতিবেদনে জানিয়েছে, পিএসজির সঙ্গে এমবাপ্পের বর্তমান চুক্তির মেয়াদ আছে আর মাত্র চার মাস। এ অবস্থায় চুক্তি নবায়ন করতে পিএসজি তাকে মাসিক পারিশ্রমিক দিতে চায় এক কোটি ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৮ কোটি টাকা। এই প্রস্তাবে রাজি হলে এমবাপ্পে হবেন বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিকের ফুটবলার। ধারণা করা হচ্ছে, এত মোটা অংকের পারিশ্রমিক দেওয়া বিশ্বের আর কোনো ক্লাবের পক্ষে দেওয়া সম্ভব নয়; এমনকি রিয়াল মাদ্রিদের পক্ষেও নয়, যেখানে আগামী গ্রীষ্মেই এমবাপ্পে পাড়ি জমাবেন বলে গুঞ্জন রয়েছে।

পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো বলছেন, গত বছর তাদের আকর্ষণীয় একটি প্রস্তাব এমবাপ্পে ফিরিয়ে দিয়েছেন। এ অবস্থায় তিনি এমবাপ্পেকে ধরে রাখতে ‘চূড়ান্ত’ প্রস্তাব দিতে যাচ্ছেন।

এই মৌসুমের পর নিজের গন্তব্য কোথায় হবে, তা নিয়ে এখনো মুখ খোলেননি এমবাপ্পে। সান্তিয়াগো বার্নাবুতো তাকে পাওয়ার ব্যাপারে আশাবাদী রিয়াল মাদ্রিদ। তবে পিএসজি যে তাকে সহজে ছেড়ে দেবে না, সেটাও একরকম নিশ্চিত।