নিজস্ব প্রতিবেদক

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


০২ মে ২০২৩ ০৯:৫৯



ঘুরে আসুন ‘প্রকৃতির জাদুঘর’ মৌলভীবাজার (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

০২ মে ২০২৩ ০৯:৫৯


বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর

মৌলভীবাজার, দেশের প্রধান পর্যটন গন্তব্যগুলোর মধ্যে অন্যতম এ জেলায় প্রায় ৫০টি পর্যটন কেন্দ্র রয়েছে। এ ছাড়া প্রায় ২১টি ক্ষুদ্র নৃগোষ্ঠী তাদের নিজস্ব ভাষা ও সংস্কৃতি নিয়ে বসবাস করছে এখানে। জেলার শ্রীমঙ্গল ও কমলগঞ্জ হচ্ছে প্রধান দুই পর্যটন কেন্দ্রসমৃদ্ধ উপজেলা। বিশেষ করে প্রাকৃতিক সৌন্দর্য ও মণিপুরি সম্প্রদায় অধ্যুষিত উপজেলা কমগঞ্জ পর্যটন আকর্ষণে বিশেষ স্থান করে নিয়েছে। দেশি-বিদেশি পর্যটকরা ছুটে আসেন এই উপজেলায়।

কমলগঞ্জের উল্লেখ্যযোগ্য কয়েকটি পর্যটন আকর্ষণের একটি হচ্ছে লাউয়াছড়া জাতীয় উদ্যান। পরিচিতির দিক থেকে সুন্দর বনের পরেই লাউয়াছড়ার অবস্থান। এ পার্ক এখন জীবন্ত প্রাকৃতিক গবেষণাগার, যা প্রাণি ও পাখি বিজ্ঞানীদের একটি রাজ্যও বলা যায়। বিখ্যাত পাখি বিশারদ ডেভিড জনসন ও পল থমসন লাউয়াছড়াকে পৃথিবীর অন্যতম উন্মুক্ত চিড়িয়াখানা হিসেবে আখ্যায়িত করেছেন। বাংলাদেশের ৭টি বন্যপ্রাণী অভয়ারণ্য ও ১০টি জাতীয় উদ্যানের মধ্যে এটি অন্যতম। ১৯৭৪ সালে বন্যপ্রাণী আইন অনুযায়ী ১৯৯৬ সালের ৭ জুলাই জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়।

জীববৈচিত্র্যের দিক দিয়ে লাউয়াছড়া জাতীয় উদ্যান বাংলাদেশের সমৃদ্ধতম বনগুলোর একটি। বনের ভেতর দিয়ে দিয়ে অনেক পাহাড়ি ছড়া বয়ে গেছে, যা পর্যটকদের মুগ্ধ করে। বনে প্রবেশের সঙ্গে সঙ্গে নানা ধরনের বন্যপ্রাণী, পাখি এবং কীটপতঙ্গের শব্দ শোনা যায়।

কমলগঞ্জ উপজেলার মাধবপুর লেকটি চারদিকে সুউচ্চ সবুজ চা বাগানের মাঝখানে অবস্থিত। লেকের ঝকঝকে পানি, প্রকৃতির ছায়া, নিরিবিলি পরিবেশ ও শাপলা ফুলে দৃষ্টিনন্দন করে তুলেছে। মাধবপুর লেক যেন প্রকৃতির নিজ হাতে আঁকা হয়েছে। শীতকালে অতিথি পাখির দল আসে এই হ্রদে। হ্রদের জলে গোলপাতার ফাঁকে ফাঁকে ফুটে আছে নীল শাপলা। হ্রদের দুই পাশে টিলায় টিলায় ছড়ানো চায়ের গাছ। গভীর এ হ্রদে রয়েছে বহু প্রজাতির বিশালাকৃতির মাছ ও কাছিম।

এ লেক ঘিরে রয়েছে দুটি ট্রেইল, যা উঁচু টিলা বেয়ে উঠতে হয়। বর্তমানে লেকটির চারদিকে ঘুরে আসতে প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে হয়। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্মৃতি কমপ্লেক্সের যাওয়ার পথের ধারে পড়ে লেকটি।

কমলগঞ্জ উপজেলার হাম-হাম জলপ্রপাত হয়ে উঠেছে আরেকটি দর্শনীয় স্থান। গহীন অরণ্যে অবস্থিত হওয়া এই জলপ্রপাতটি ২০১০ সালের শেষাংশে পর্যটন গাইড শ্যামল দেববর্মার সঙ্গে দুর্গম জঙ্গলে ঘোরা একদল পর্যটক আবিষ্কার করেন।

উপজেলায় গেলে দেখা মিলবে পদ্মছড়া লেক। চারদিকে পাহাড় আর পাহাড়। উঁচু-নিচু টিলার সমাহার। সবুজের নান্দনিকতা রয়েছে লেকটি ঘিরে। এটি ন্যাশনাল টি কম্পানির মাধবপুর চা বাগানের ফাঁড়ি চা বাগান পদ্মছড়া চা বাগানে অবস্থিত। এই অপরূপ লেকটি এখন পর্যটকদের আকর্ষণে পরিণত হয়েছে।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় অবস্থিত পর্যটকদের অন্যতম আকর্ষণীয় স্থান হচ্ছে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান স্মৃতি কমপ্লেক্স। মোহাম্মদ হামিদুর রহমান সাতজন বীরশ্রেষ্ঠের একজন। তিনি কমলগঞ্জ উপজেলার ধলই চা বাগানের পূর্ব প্রান্তে অবস্থিত ধলই বর্ডার আউটপোস্টে গিয়ে মুক্তিযুদ্ধে যোগ দেন। ১৯৭১ সালের অক্টোবরে অসম বীরত্ব দেখানো এই মুক্তিযোদ্ধা হানাদার বাহিনীর গুলিতে শহীদ হন।

এ ছাড়া কমলগঞ্জ উপজেলায় পদ্মছড়া লেক, ক্যামেলিয়া লেক, পাত্রখোলা লেক, বাম্বোতল লেক, শমশেরনগর গলফ মাঠ, শমশেরনগর বিমানবন্দরসহ বেশকিছু পর্যটন কেন্দ্র ও সবুজ চা বাগান রয়েছে।

আর শ্রীমঙ্গল উপজেলা একটি পর্যটন অঞ্চল হিসেবে সুপ্রতিষ্ঠিত। শ্রীমঙ্গলের প্রকৃতি পর্যটকদের জন্য সমৃদ্ধ সম্ভার সাজিয়ে রেখেছে। বৃহত্তর সিলেটের ১৩৮টি চা বাগানের মধ্যে এই একটি উপজেলাতেই ৩৮টি চা বাগান, আশপাশের সব মিলিয়ে এই সংখ্যা ৬০-এর কম নয়। শ্রীমঙ্গল শহর থেকে যেকোনো দিকে বের হলেই চা বাগানের সবুজ হাতছানি।

বাংলাদেশ চা গবেষণা কেন্দ্র (বিটিআরআই) শহর থেকে দুই কিমি দূরে। যেখানে চমৎকার ফুলের বাগান, রয়েছে বহু বছরের পুরোনো চাগাছ, চা ফ্যাক্টরি, টেস্টিং ল্যাব ইত্যাদি। আর বিটিআরআই থেকে বের হলেই মৌলভীবাজারের শ্রীমঙ্গলের আরেক আকর্ষণ নীলকণ্ঠ চা কেবিন। চা শ্রমিক রমেশ রাম গৌড় এখানে বিক্রি করেন পাঁচ, সাত, আট রংয়ের চা। শ্রীমঙ্গল শহরে বেশ কয়েক জায়গায় সাত রঙা চা পাওয়া গেলেও সবচেয়ে ভালোমানেরটা হলো এই নীলকণ্ঠ।

শ্রীমঙ্গল শহরের প্রান্তে অবস্থিত সীতেশ বাবুর চিড়িয়াখানায়। ভালুক, হরিন, বানর, বন মোরগ, অজগর সাপ, বিভিন্ন ধরনের অতিথি পাখি, কথা বলা ময়না, বিভিন্ন রকম বিড়াল। পাখি দিয়ে সাজানো ব্যক্তিগত এই চিড়িয়াখানাটি ভালো লাগবে।

এ ছাড়া মৌলভীবাজার রয়েছে অসংখ্য ইকো রিসোর্ট। সুলভমূল্য থেকে শুরু করে বিলাসবহুল সব ধরনের রিসোর্ট গড়ে উঠেছে শ্রীমঙ্গল ও কমলগঞ্জে। যার মধ্যে রয়েছে গ্রান্ড সুলতান টি রিসোর্ট, লেমন গার্ডেন, বালিশিরা রিসোর্ট, নভেম ইকো রিসোর্টে, ওয়াটারলিলি, টি হ্যাভেন ও টিলাগাঁও ইকো ভিলেজ, অরণ্য নিবাস ইকো রিসোর্ট অন্যতম। এ ছাড়া মৌলভীবাজার জেলা শহরের পাশেই রয়েছে দুসাই রিসোর্ট অ্যান্ড স্পা, মুক্তানগর রিসোর্ট ও রাঙাউটি রিসোর্ট।

ইউএইচ/এইচআই