কনটেন্ট ক্রিয়েটর

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


২৭ এপ্রিল ২০২২ ০১:১৮



সাত হাজার যাত্রী ধারণে সক্ষম ‘ওয়ান্ডার অব দ্য সিস’

কনটেন্ট ক্রিয়েটর, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

২৭ এপ্রিল ২০২২ ০১:১৮

সাত হাজার যাত্রী ধারণে সক্ষম ‘ওয়ান্ডার অব দ্য সিস’

প্রায় তিন বছরের কর্মযজ্ঞ শেষে যাত্রীদের নিয়ে সমুদ্রের বুকে চলাচল শুরু করেছে বিশ্বের সবচেয়ে বড় যাত্রীবাহী জাহাজ। ‘ওয়ান্ডার অব দ্য সিস’ নামের জাহাজটি রয়্যাল ক্যারিবিয়ান কোম্পানির কাছে হস্তান্তর করা হয় গত জানুয়ারিতে। আর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট লাউডেরাডেল উপকূল থেকে ক্যারাবিয়ানের উদ্দেশে প্রথমবারের মতো জাহাজটি যাত্রা শুরু করে গত ১১ মার্চ।

জাহাজটি লম্বায় প্রায় ৩৪০মিটার। ১৮ তলা জাহাজটি বানানো হয়েছে ফ্রান্সের সেইন্ট-নাজায়ারের চানটিয়ার্স আই’আটলান্টিক শিপইয়ার্ডে। জাহাজের নাবিক সংখ্যা দুই হাজার ৩০০ জন। যাত্রী ধারণ করতে পারবে ছয় হাজার ৯৮৮ জন।   

রয়্যাল ক্যারিবিয়ান কোম্পানির হোটেল-ব্যবস্থাপনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট মার্ক টামিস বলেন, ‘পরিকল্পনা থেকে নির্মাণ- মোট ছয় বছর সময় লেগেছে আমাদের। এটি বানানোর ক্ষেত্রে শুধু বিশেষজ্ঞদের মতামতই নয়, বিবেচনায় নেওয়া হয়েছে পর্যটক কিংবা যাত্রীদের নানা পরামর্শও।’

জাহাজটি আটটি অংশে বিভক্ত। একটি অংশে বিভিন্ন প্রজাতির প্রায় ২০ হাজার গাছ লাগানো হয়েছে। আরেক অংশে রয়েছে আধুনিক সুইমিং পুল। এর সঙ্গে আছে ১০ তলা উচ্চতাসম্পন্ন ‘জিপ লাইন’; আছে বড় বড় পর্দায় সিনেমা দেখার সুব্যবস্থাও।

টামিস বলেন, ‘আমরা সবসময় ভ্রমণকারীদের ভিন্ন একটা স্বাদ দেওয়ার চেষ্টা করি। আর এটি আমাদের কাছে গর্বের একটা বিষয়।’