কনটেন্ট ক্রিয়েটর

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


০৬ মে ২০২২ ০৪:০৭



যেসব কারণে ভারতমুখী বাংলাদেশি পর্যটক

কনটেন্ট ক্রিয়েটর, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

০৬ মে ২০২২ ০৪:০৭

যেসব কারণে ভারতমুখী বাংলাদেশি পর্যটক

ছবি : উইকিপিডিয়া

ভারতে বিভিন্ন দেশ থেকে বেড়াতে আসা পর্যটকদের মধ্যে বাংলাদেশির সংখ্যা সবচেয়ে বেশি। এবারের ঈদ-উল-ফিতরের ছুটিতেও প্রায় পাঁচ লাখ বাংলাদেশি ভারতে বেড়াতে গিয়েছেন। বাংলাদেশের পর্যটকদের সঙ্গে কথা বলে জানা গেছে, উন্নত যোগাযোগ ব্যবস্থা, সহজে ভিসা প্রাপ্তি, কম খরচে যাওয়া-আসা, ঐতিহ্য ও প্রাকৃতিক সৌর্ন্দয্যের সংমিশ্রণ এবং পর্যাপ্ত নিরাপত্তা থাকায় তারা ভ্রমণের জন্য পাশের দেশকে বেছে নিচ্ছেন।

বাংলাদেশ ও ভারতের পর্যটন শিল্পের তুলনা করতে গিয়ে প্রিয়াঙ্কা জয়ধর নামের এক পর্যটক বেঙ্গলনিউজ টোয়েন্টিফোরকে বলেন, ‘ভারতের পর্যটনকেন্দ্রগুলো খুবই পরিষ্কার-পরিচ্ছন্ন এবং গোছানো। খরচও কম। ভাবতে হয় না নিরাপত্তা নিয়েও।’

ভারত ও বাংলাদেশের বিভিন্ন জায়গায় নিয়মিত ভ্রমণে যান সজীব ভক্ত। নিজের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে তিনি বেঙ্গলনিউজ টোয়েন্টিফোরকে বলেন, ‘ভারতে কম খরচে ও কম সময়ে অনেক বেশি স্বাচ্ছন্দে ঘোরাঘুরি করতে পারি। ভারতে খাবারের দামও তুলনামূলক কম। অল্প টাকায় ভালো হোটেল কিংবা হোম স্টের সুবিধা রয়েছে। ভারতের পর্যটনকেন্দ্রগুলো পর্যটকদের জন্য নিরাপদ এবং সেখানে হয়রানিমূলক আচরণ নেই বললেই চলে।’

দিবস পোদ্দার নামের এক পর্যটক বলেন, ‘ঢাকা থেকে কক্সবাজার গিয়ে দুদিন থাকতে আপনার যে টাকা খরচ হবে, সেই টাকা দিয়ে আপনি অনায়াসে মেঘালয় ঘুরে আসতে পারবেন। এ ছাড়া মেঘালয়ে পর্যটকদের তেমন ভিড় নেই। আর সবকিছু আমাদের এখানকার চেয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন।’

ভারতের ব্যুরো অব ইমিগ্রেশন দপ্তরের হিসাব অনুযায়ী, দেশটির পর্যটকদের একটি বড় অংশ বাংলাদেশ থেকে আসেন।  ২০১৭-১৮ অর্থবছরে বাংলাদেশ থেকে ভারতে পর্যটক গিয়েছে প্রায় ২২ লাখ। অনুসন্ধানে দেখা গেছে, মূলত আটটি কারণে ভারতে বাংলাদেশি পর্যটকের সংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছে। সবচেয়ে বড় কারণ হলো, ভারতের ভিসাপ্রাপ্তি সহজ করা হয়েছে। আরও যেসব কারণ রয়েছে- যাতায়াত ব্যবস্থা ভালো, খরচও তুলনামূলক কম; অল্প সময়ে ঐতিহ্য ও প্রাকৃতিক স্থানসমুহ ভ্রমণ এবং সুলভমূল্যে মানসম্পন্ন চিকিৎসা ও  কেনাকাটার সুযোগ।

জেডএস/এএল