ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


১২ জুন ২০২৩ ০৭:৫৪



বর্ষাকালে দেশের যে পাঁচ স্থানে ঘুরতে যেতে পারেন

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

১২ জুন ২০২৩ ০৭:৫৪


ছবি : সংগৃহীত

বর্ষায় বৃষ্টি উপভোগ করতে ভালোবাসেন না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। এ সময় হাওর, ঝরনা কিংবা সমুদ্র ভ্রমণে যান কমবেশি সবাই। ভ্রমণপিপাসুরা বরাবরই বর্ষারাণীর জন্য থাকেন অপেক্ষায়। কারণ বর্ষায় প্রকৃতি সেজে ওঠে নতুন এক রূপে। বাংলাদেশে এমন কিছু জায়গা আছে যা শুধু বর্ষাকালেই নিজেকে মেলে ধরে। এই বর্ষার অপরূপ সৌন্দর্যকে উপভোগ করতে সেই সব স্থানে ভিড় করতে থাকে ভ্রমণপিপাসু মানুষে। চলুন বেঙ্গলনিউজ টোয়েন্টিফোরের আজকের প্রতিবেদন থেকে জেনে নেয়া যাক বর্ষায় ভ্রমণের জন্য কোথায় যেতে পারেন।

এই তালিকায় প্রথমেই রয়েছে সিলেটের বিছনাকান্দি। মেঘালয়ের সেভেন সিস্টার্স থেকে আসা পানির ধারা প্রকৃতিতে অপরূপ দৃশ্য তৈরি করে বিছনাকান্দিতে। দুই পাশে পাথুরে পথ এক অপার্থিব আবহ এনে দেয়। বর্ষাকালে হয়ে ওঠে প্রাণবন্ত। আর বিছনাকান্দির মোহনীয় ঝরনার সঙ্গে চমৎকার পানির প্রবাহ সারা জীবন মনে রাখার মতো অভিজ্ঞতা দিয়ে থাকে ভ্রমণপিপাসুদেরকে।

এরপরই এই তালিকায় রয়েছে বান্দরবানের পাহাড়ের গহীনে অবস্থিত নাফাখুম ঝরনা। আর বর্ষায় এ ঝরনায় যাওয়া সবচেয়ে উত্তম সময়। এ সময়েই ঝরনাটি তার তেজস্বিনী রূপে দেখা দেয়। বৃষ্টির কারণে নাফাখুম ঝরনার পানির প্রবাহ এতটাই পূর্ণতা পায় যে, সেই দৃশ্যের দেখার জন্য ভ্রমণপিপাসুরা অধীর আগ্রহে অপেক্ষা করেন সারা বছর।

অন্যদিকে নীল পানিতে নৌকায় চড়া মানুষ, পরিষ্কার নীল আকাশ আর বিশুদ্ধ প্রকৃতি- এমন দৃশ্যের সাথে নিজেকে সাক্ষী রাখতে চাইলে চলে যেতে পারেন রাঙ্গামাটির কাপ্তাই লেকে, যা দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে বড় কৃত্রিম লেক। বর্ষাকালে কর্ণফুলী বাঁধ খুলে দেওয়ায় লেকের পানি অনেক বেড়ে হয়ে যায়। এখানে কায়াকিং, মাছ ধরা, নৌকায় চড়ে ঘুরে বেড়ানোর মতো নানান সুযোগ রয়েছে পর্যটকদের জন্য। আর লেকের পাড়ে রয়েছে দারুণ কিছু রিসোর্টও, যেখান থেকে লেক ও আশপাশের অপূর্ব সব দৃশ্য দেখা যায়।

এ ছাড়া বর্ষাকালের রোমাঞ্চকর অনুভূতি নেওয়ার জন্য সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর একটি আদর্শ জায়গা। চারদিকে বর্ষার থৈথৈ পানিতে এক অপরূপ সৌন্দর্য উপভোগের সুযোগ মেলে এ হাওরে। নৌকার ছাদে রাত কাটানো, জোছনায় চাঁদের রূপালি আলোর মোহনীয় রূপ, নিশ্চিতভাবেই আপনাকে কিছু নান্দনিক মুহূর্ত উপহার দেবে। পাশাপাশি বর্ষায় হাওরের মাছের স্বাদ তো গ্রহণ করতে পারবেনই।

অন্যদিকে দিগন্তজোড়া সবুজ চা-বাগানের জন্য পর্যটকদের কাছে জনপ্রিয় সিলেট অঞ্চল। আর বিশেষ করে এ অঞ্চলের শ্রীমঙ্গল তো দেশের চায়ের রাজধানী হিসেবেও পরিচিত। আর বর্ষায় চা বাগানের যৌবন ফিরে আসে নতুন করে। তাই বর্ষাকালে এখানে এলেই সবচেয়ে সুন্দর দৃশ্য উপভোগ করতে পারে ভ্রমনপিপাসুরা। এ ছাড়া বর্ষাকালে এখানকার লেক ও বনগুলোও অন্য রকম রূপ ধারণ করে থাকে। এ জন্য বর্ষাকালে ভ্রমণপিপাসুদের জন্য শ্রীমঙ্গলসহ সিলেটের বিভিন্ন চা বাগানগুলো হয়ে ওঠে উপভোগ্য ও প্রশান্তিদায়ক।

জেডএস/এইচআই