ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


২৪ জুন ২০২৩ ০৬:০৭



জীবনের ৩৬ বসন্তে পা দিলেন মেসি

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

২৪ জুন ২০২৩ ০৬:০৭


ছবি : বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

লিওনেল মেসি, আর্জেন্টাইন এই মহাতারকা আজ ৩৫ পার করে ৩৬-এ পা দিলেন। আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর পর এই প্রথম তার জন্মদিন। ১৯৮৭ সালের এই দিনে আর্জেন্টিনার রোজারিওর এক গ্রামে জন্ম নেন মেসি। মেসির ক্লাব ফুটবলে অভিষেক হয় ২০০৪ সালে। আর জাতীয় দলের হয়ে মেসি প্রথম ম্যাচ খেলেন পরের বছর। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি আর্জেন্টাইন মহাতারকাকে। দীর্ঘ ক্যারিয়ারে মেসির রয়েছে ছোট-বড় অসংখ্য রেকর্ড।

বাঁ পায়ের জাদুতে মন্ত্রমুগ্ধ করেছেন কোটি ভক্তকে। নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সর্বকালের অন্যতম সেরাদের একজন হিসেবে। শুধু তাই নয়, অনেকের কাছে তিনিই সর্বকালের সেরা। ফুটবলে একজন ফুটবলারের পক্ষে যা যা অর্জন করা সম্ভব তার সব অর্জন করেছেন এই ফুটবলার। সর্বশেষ ২০২২ কাতার বিশ্বকাপের শিরোপা জিতে নিজের ক্যারিয়ারকে করেছেন পরিপূর্ণ।

৭ বার ব্যালন ডি’অর জিতেছেন। ইতিহাসের তিনি একমাত্র খেলোয়াড় এই রেকর্ডের। যা নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোর চেয়ে ২টি বেশি। বিশ্বকাপ জিতে এবারও তালিকায় এগিয়ে মেসি। এখানেই শেষ নয়, তিনি একমাত্র খেলোয়াড় হিসেবে ফিফা বিশ্বকাপে দুবার জিতেছেন গোল্ডেন বল।

ইউরোপিয়ান গোল্ডেন শু জয়েও সবার ওপরে অবস্থান করছেন মেসি। সাবেক বার্সেলোনা তারকা সর্বোচ্চ ৬ বার এই পুরস্কার পেয়েছেন। লা লিগায় মৌসুমে সর্বোচ্চ গোলের পুরস্কার পিচিচি ট্রফি সবচেয়ে বেশি ৮ বার জিতেছেন মেসি। এর বাইরে আরও বেশ কয়েকটি পুরস্কার রয়েছে মেসির ঝুলিতে। এরপর যাওয়া যাক তার ক্লাব ফুটবলের রেকর্ডে। সেখানেও ৬৭২টি গোলের মালিক এই মেসি। এক ক্লাবের হয়ে এত গোল আর কোনো খেলোয়াড় করেননি।

বিশ্বকাপে সবচেয়ে কম বয়সী আর্জেন্টাইন খেলোয়াড় হিসেবে গোল করার কৃতিত্ব গড়েছেন মেসি। আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ১৭৫ ম্যাচ খেলেছেন মেসি। এত এত সব অর্জনে বলাই যায়, ফুটবল বিশ্বের বিস্ময়ের এক নাম লিওনেল মেসি। যার ফুটবল শৈলীতে মুগ্ধ পুরো ফুটবল বিশ্ব। ক্লাব কিংবা জাতীয় দল, সব জায়গা দেখিয়েছেন ফুটবলের মুন্সিয়ানা। তাইতো মহাতারকা মেসির জন্মদিনে তার ভক্ত, অনুরাগীরা তাকে শুভেচ্ছা জানিয়েছেন।

জেডএস/এইচআই