নিজস্ব প্রতিবেদক

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


২১ সেপ্টেম্বর ২০২২ ০৯:০১



জি এম কাদেরকে বহিষ্কৃতদের দলে ফেরাতে রওশনের চিঠি

নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

২১ সেপ্টেম্বর ২০২২ ০৯:০১

জি এম কাদেরকে বহিষ্কৃতদের দলে ফেরাতে রওশনের চিঠি

সংগৃহীত

জাতীয় পার্টির বহিষ্কৃত নেতাকর্মীদের আবার অর্ন্তভুক্তির আদেশ দিয়ে দলের চেয়ারম্যান জি এম কাদেরকে চিঠি পাঠিয়েছেন প্রধান পৃষ্ঠপোষক ও সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।

বুধবার (২১ সেপ্টেম্বর) নির্দেশনামূলক চিঠিটি পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের কাছে পাঠানো হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

চিঠিতে রওশন এরশাদ উল্লেখ করেছেন, পার্টির গঠনতন্ত্রের ধারা-২০ এর উপধারা-১  গণতন্ত্র ও সংবিধান পরিপন্থী। এই ধারা অনুযায়ী যেসব নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে তা এই ধারার অপব্যবহার উল্লেখ করে নেতাকর্মীদের দলে ফিরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন।  

বিরোধীদলীয় নেতা আরও বলেন, দেশজুড়ে পার্টির তৃণমূল নেতাকর্মীরাও এসব ধারার বিপক্ষে। এটা বাতিল চায় লাখ লাখ পল্লিবন্ধুপ্রেমী কর্মী-সমর্থক। গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে দশম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হওয়ার পূর্ব পর্যন্ত এসব ক্ষমতা স্থগিত করা হলো বলে তিনি জানান।

চিঠিতে তিনি বলেন, ‘ইতোমধ্যে দলীয় কর্মকাণ্ড পর্যালোচনায় প্রতীয়মান হয়, বিগত দিনে দলের বহু জ্যেষ্ঠ, অভিজ্ঞ, দায়িত্বশীল পরীক্ষিত নেতাকর্মীদের নিষ্ক্রিয় করে রাখা হয়েছে, পদোন্নতি বঞ্চিত করে রাখা হয়েছে। এতে করে পার্টিকে দিনে দিনে দুর্বল করা হয়েছে, করা হয়েছে খণ্ডিত। পার্টির মধ্যে অগণতান্ত্রিক আবহ থাকায় নেতাকর্মীরা বিভ্রান্ত হচ্ছে এবং পদ হারানোর ভীতি ছড়িয়ে পড়ছে। ফলে ফের পার্টি খণ্ডিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।’

এ অবস্থা অবসানের লক্ষ্যে এবং পার্টি শক্তিশালী করার উদ্দেশ্যে মসিউর রহমান রাঙ্গাঁ এমপি, সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মৃধা, সাবেক সংসদ সদস্য আব্দুল গাফফার বিশ্বাসকে আগের পদ-পদবিতে অন্তর্ভুক্ত করার কথা বলা হয় চিঠিতে।

চিঠিতে নবম সম্মেলনের পর পদ-পদবিতে না রাখা সাবেক মন্ত্রী ও প্রেসিডিয়াম সদস্য এমএ সাত্তার, সাবেক প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন খান, জাফর ইকবাল সিদ্দিকী, ফখরুজ্জামান জাহাঙ্গীর, কাজী মামুনুর রশীদ, অধ্যাপক ইকবাল হোসেন রাজু, সাবেক উপদেষ্টা অ্যাড. মাহবুবুল আলম বাচ্চু, সাবেক সংসদ সদস্য ও দলের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক নুরুল ইসলাম মিলন, সাবেক ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নুরুসহ দেশজুড়ে অব্যাহতিপ্রাপ্ত, বহিষ্কৃত ও নিষ্ক্রিয় করে রাখা সব নেতাকর্মীদের এই আদেশ জারির পর থেকে আগের পদ পদবিতে অন্তর্ভুক্ত করা হলো বলে আদেশ দিয়েছেন রওশন এরশাদ।

আরকে/