নিজস্ব প্রতিবেদক

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


২৩ অক্টোবর ২০২২ ১০:১৩



‘জি এম কাদের উপনেতার আসনে বসতে পারবেন না’

নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

২৩ অক্টোবর ২০২২ ১০:১৩

‘জি এম কাদের উপনেতার আসনে বসতে পারবেন না’

ছবি: সংগৃহীত

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা জি এম কাদেরকে দলীয় কার্যালয় থেকে তাড়িয়ে দেওয়া হবে বলে মন্তব্য করেন বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা। তিনি বলেন, ‘জি এম কাদের আর বিরোধীদলীয় উপনেতার আসনে বসতে পারবেন না। সেখানে অন্য কেউ বসবেন। সে ব্যবস্থা করা হয়েছে। জিএম কাদেরের চেয়ার কেউ রক্ষা করতে পারবে না।’  

রবিবার (২৩ অক্টোবর) উপজেলা দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বিরোধীদরীয় নেতা রওশন এরশাদের অনুসারীদের আলোচনা সভায় তিনি একথা বলেন।

রাঙ্গা বলেন, ‘আগামী ২৬ নভেম্বর কাউন্সিলের মাধ্যমে জাতীয় পার্টির নেতৃত্বের পরিবর্তন হবে। সেখান থেকে বিদায় নেবেন জি এম কাদের। জি এম কাদেরের সঙ্গে তিনজন এমপি ছাড়া আর কেউ নেই। আগামী ২৬ নভেম্বর রওশন এরশাদের ডাকা জাতীয় কাউন্সিলের আগেই এমপিরা কোন দিকে তা স্পষ্ট হয়ে যাবে। তাই এ বিষয় নিয়ে আর সংশয় থাকবে না। সময়মতো আমাদের লক্ষ্যে পৌঁছে যাব। বনানী ও কাকরাইল অফিস আমাদের হবে। জি এম কাদেরকে জুতাপেটা করে ওখান থেকে তাড়িয়ে দেওয়া হবে।’

সম্ভাব্য প্রার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ করে তিনি বলেন, ‘জাতীয় পার্টির অবৈধ চেয়ারম্যান হিসেবে জি এম কাদের পার্টির সাইনবোর্ড ব্যবহার করে মনোনয়ন বাণিজ্য করছেন। আপনার কত টাকা প্রয়োজন? সরকারের মন্ত্রী থাকা অবস্থায় অনেক সুযোগ-সুবিধা নিয়েছেন। টাকাগুলো কী করছেন?’

মসিউর রহমান রাঙ্গা বলেন, ‘জি এম কাদের কখনো রাজনীতিবিদ ছিলেন না। ছিলেন পেট্রোলিয়াম করপোরেশনের একজন কর্মচারী। সেখান থেকে রাজনীতিতে এসেছেন। পেট্রোলিয়াম করপোরেশন থেকে দুর্নীতির দায়ে তার চাকরি চলে যায়। অথচ তিনি নিজেকে ক্লিন ইমেজ হিসেবে দাবি করেন। নামের পেছনে জনবন্ধু লেখেন, তার নির্বাচনী নিজ এলাকায় জনশত্রু হিসেবে পরিচিত। এরশাদ সাহেব তাকে দলের শৃঙ্খলা ভঙ্গের কারণে পাঁচবার বহিষ্কার করেছিলেন। সেই ক্ষোভ থেকে এরশাদ সাহেবের চিহ্ন মুছে ফেলতে চাচ্ছেন তিনি।’

জাপার সা‌বেক প্রেসি‌ডিয়াম সদস্য এস এম আলমের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তৃতা ক‌রেন সা‌বেক নেতা কাজী মামুনুর র‌শিদ, জিয়াউল হক মৃধা, অধ্যাপক দেলোয়ার হোসেন, এম এ গোফরান, অধ্যাপক নুরুল ইসলাম, ইকবাল হোসেন রাজু প্রমুখ।

আরকে/এসএল