নিজস্ব প্রতিবেদক

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


০১ অক্টোবর ২০২২ ০৮:৪৮



‘জবরদস্তি করে নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি’

নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

০১ অক্টোবর ২০২২ ০৮:৪৮

‘জবরদস্তি করে নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি’

ছবি-বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর

চলমান সহিংস রাজনীতি আগামী জাতীয় নির্বাচনের জন্য অশনি সংকেত মন্তব্য করে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেন, ‘সহিংসতার মাধ্যমে জোর জবরদস্তির একটি নির্বাচন হবে, সরকারি দল থেকে এমন মেসেজ আমরা পাচ্ছি। এটা দেশ ও জাতির জন্য দুঃখজনক।’

শনিবার (১ অক্টোবর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত জাতীয় পার্টির নেতা সফিকুল ইসলামকে দেখতে গিয়ে জিএম কাদের গণমাধ্যম কর্মীদের এসব কথা বলেন।

কাদের বলেন, ‘কথা বলা, সভা-সমাবেশ ও বিক্ষোভ প্রদর্শনের অধিকার থাকতে হবে। স্বাভাবিক রাজনীতি বাধাগ্রস্ত হলে সহিংস রাজনীতি শুরু হয়। যা দেশের জন্য অমঙ্গল বয়ে আনবে।’

এসময় জাপার চেয়ারম্যান বলেন, ‘পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার তুষখালী ইউনিয়নের জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সফিকুল ইসলামকে সরকার সমর্থক সন্ত্রাসীরা কুপিয়ে পা-বিচ্ছিন্ন করে দিয়েছে। গেলো ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্থানীয়ভাবে সফিকুল ইসলামের নেতৃত্বে জাতীয় পার্টি শেষ সময় পর্যন্ত নির্বাচনে লড়েছে। ফলে সরকার সমর্থকরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে পারেনি। ’

তিনি আরও বলেন, ‘নির্বাচনের পর থেকেই আওয়ামী লীগের হয়রানিমূলক মামলা ও হামলার শিকার হচ্ছে জাতীয় পার্টির নেতাকর্মীরা। এমন একটি হয়রানিমূলক মামলায় হাজিরা দিতে যাচ্ছিলেন সফিকুল ইসলাম। পথে তিনি সন্ত্রাসী হামলার শিকার হন। সফিকুল ইসলামকে হত্যার উদ্দেশ্যেই হামলা করা হয়েছিল। সময় মতো তাকে হাসপাতালে নেওয়া না হলে তার মৃত্যুর আশঙ্কা ছিল। এখন তাকে আজীবন পঙ্গুত্বের অভিশাপ নিয়ে বাঁচতে হবে। আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’

এসময় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির যুগ্ম কোষাধক্ষ অ্যাডভোকেট আবু তৈয়ব, যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম ও যুগ্ম যুব বিষয়ক সম্পাদক দীন ইসলাম শেখ প্রমুখ।

আরকে/জেবি