রংপুর সংবাদদাতা, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
২৫ অক্টোবর ২০২২ ০৭:৪৩
সংগৃহীত
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান
জিএম কাদের বলেছেন, ‘ইভিএমে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। ইভিএমের মাধ্যমে সরকারি দল প্রভাব
বিস্তার করে, রেজাল্ট ছিনতাই করতে পারে। এসব কথা আমরা সব সময় বলে আসছি। এর আগেও আমরা
যে কথাগুলো বলেছিলাম, সেগুলো সত্য প্রমাণিত হয়েছে। এবার নতুন নির্বাচন কমিশনারও একই
কথা বলেছেন। গাইবান্ধা উপ-নির্বাচনেও সেটা প্রমাণিত হয়েছে।’
মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে
রংপুর নগরীর দর্শনার পল্লী নিবাসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাতীয় পার্টির (জাপা)
চেয়ারম্যান জিএম কাদের এসব কথা বলেন।
দ্রব্যমূ্ল্য নিয়ে সাবেক এই
মন্ত্রী বলেন, ‘আমরা দ্রব্যের মূল্যের ঊর্ধ্বগতি নিয়ে কথা বলছি। মহার্ঘ্য ভাতা দেওয়ার
প্রস্তাবসহ রেশন কার্ডের মাধ্যমে সাধারণ মানুষকে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী দেওয়ার
জন্য সরকারকে প্রস্তাব দিয়েছি। দৈনন্দিন ব্যয় যেভাবে বাড়ছে, তাতে সাধারণ মানুষের জীবনধারণ
করা অসম্ভব হয়ে পড়েছে। দুর্ভিক্ষ দেখা দিলে তো, দেশে বিপর্যয় সৃষ্টি হতে পারে।’
দলের বহিষ্কৃত সাবেক মহাসচিব
মসিউর রহমান রাঙ্গার হুমকি-ধমকি প্রসঙ্গে প্রশ্ন করা হলে জিএম কাদের বলেন, ‘কে কি বলছে?
বলুক, আমি তা গুরুত্ব দিচ্ছি না। এসব অবান্তর কথা নিয়ে মতামত দেওয়া ঠিক না।’
এ সময় জাতীয় পার্টির মহাসচিব
বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুল হক চন্নু, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, ব্যারিস্টার
শামীম হায়দার পাটোয়ারী, আদেলুর রহমান আদেল, রংপুর সিটি করপোরেশনের মেয়র ও রংপুর মহানগরের
সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা, সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, জেলার আহ্বায়ক মুক্তিযোদ্ধা
আবুল মাসুদ চৌধুরী নান্টু, সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাকসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা
উপস্থিত ছিলেন।
জেবি/