ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


০৬ জুলাই ২০২৩ ০৫:১৫



আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিমের অবসর

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

০৬ জুলাই ২০২৩ ০৫:১৫


আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। গতকাল চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে বৃষ্টি আইনে হেরেছে বাংলাদেশ। ম্যাচে মাত্র ১৩ রান করেই আউট হন তামিম। এরপর রাতেই টাইগার অধিনায়ক জানান আজ সংবাদ সম্মেলন করবেন। আর গণমাধ্যমের মুখোমুখি হয়ে কান্নাভেজা চোখে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ৩৪ বছর বয়সী ওপেনার।

এমন ঘোষণার আগে, নিজ শহরের মাঠে আফগানিস্তানের বিপক্ষের ম্যাচটিই হয়ে থাকল তার ক্যারিয়ারের শেষ ম্যাচ। সংবাদ সম্মেলনে, বিদায়ের কথা বলতে গিয়ে এক পর্যায়ে মাথা নিচু করে কান্নায় ভেঙে পড়েন তামি। জানান, সিদ্ধান্তটি হুট করে নেওয়া নয়। অনেক দিন ধরেই ভাবছিলেন।

বিদায় বেলায় তার নামের পাশে ৭০ টেস্টে ৩৮.৮৯ গড়ে রান ৫ হাজার ১৩৪। সেঞ্চুরি ১০টি, ফিফটি ৩১টি। টেস্টে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান ও সেঞ্চুরি তার। ওয়ানডে ২৪১টি খেলে ৩৬.৬২ গড়ে রান ৮ হাজার ৩১৩। ১৪ সেঞ্চুরির পাশে এখানে ফিফটি ৫৬টি। এই সংস্করণে দেশের হয়ে রান, সেঞ্চুরি, ফিফটি, সবকিছুতেই তিনি সবার ওপরে।

৭৪ ম্যাচে ১ হাজার ৭০১ রান নিয়ে তিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বলেছেন গত জুলাইয়ে। এই সংস্করণে দেশের একমাত্র সেঞ্চুরিয়ান তিনি। তিন সংস্করণ মিলিয়ে ১৫ হাজার রান করা দেশের একমাত্র ব্যাটসম্যান তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে তার সেঞ্চুরি ২৫টি।

সাম্প্রতিক সময়ে চোট নিয়ে বেশ ভুগছিলেন তামিম। চোটের কারণে গত ডিসেম্বরে ভারতের বিপক্ষে সিরিজে খেলতে পারেনি। পিঠের নিচের অংশের পুরনো ব্যথা মাথাচাড়া দেওয়ায় কিছুদিন আগে খেলতে পারেননি আফগানিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টে। চলতি ওয়ানডে সিরিজ শুরুর আগের দিনও তিনি জানান যে, শতভাগ ফিট নন। প্রথম ম্যাচ খেলার পর অবস্থা বুঝে সিদ্ধান্ত নেবেন। আর শেষ পর্যন্ত আজ সরে যাওয়ার কথা জানালেন।

চাচা আকরাম খান ও বড় ভাই নাফিস ইকবালকে অনুসরণ করেই ক্রিকেটে আসেন তামি। ২০০৭ সালের ফেব্রুয়ারি মাসে কেনিয়ার বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিষেক। এরপর চার ওয়ানডের অভিজ্ঞতায় নিয়ে খেলতে যান বিশ্বকাপে। প্রথম ম্যাচেই ভারতের বিপক্ষে স্মরণীয় এক জয়ে দাপুটে ফিফটি করে নজর কাড়েন সবার।

এরপর নানা চড়াই-উৎরাই পেরিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেন দেশের সফলতম ব্যাটসম্যান হিসেবে। ২০১৭ সালে নিউজিল্যান্ড সফরে নিয়মিত অধিনায়ক মুশফিকুর রহিমের চোটের কারণে ক্রাইস্টচার্চ টেস্টে নেতৃত্ব দিয়ে দেশের হয়ে প্রথম অধিনায়কত্বের স্বাদ পান তামিম। সব মিলিয়ে ৩৭টি ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন, জয়ের দেখা পেয়েছেন ২১টিতে। অন্তত ৫টি ওয়ানডেতে নেতৃত্ব দেওয়া ক্রিকেটারদের মধ্যে সাফল্যের শতকরা হারে বাংলাদেশের সফলতম অধিনায়ক তামিম ইকবাল।

জেডএস/