ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


৩০ অক্টোবর ২০২৩ ০৬:৫৬



এটিএম শামসুজ্জামানের ছেলের লাশ উদ্ধার

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

৩০ অক্টোবর ২০২৩ ০৬:৫৬

এটিএম শামসুজ্জামানের ছেলের লাশ উদ্ধার

ছবি : সংগৃহীত

বরিশালের মুলাদী উপজেলার একটি নদী থেকে প্রয়াত অভিনেতা এটিএম শামসুজ্জামানের ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। ছেলের নাম এটিএম খালেকুজ্জামান কুশল (৪৬)।

আজ সোমবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার নাজিরপুর ইউনিয়নের নাসিরহাট এলাকায় জয়ন্তী নদী থেকে লাশ উদ্ধার করে মুলাদী থানায় নিয়ে আসা হয়। আগামীকাল মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে মরদেহ প্রেরণ করা হবে।

মুলাদী থানার ওসি মাহাবুবুর রহমান বলেন, অর্ধগলিত লাশটি ভাসতে দেখে এলাকাবাসী থানায় খবর দেন। সেখানে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। ধারণা করা হচ্ছে ৪ থেকে ৫ দিন লাশ নদীতে ভাসছিল। এ কারণে লাশে পচন ধরেছে।

মাহাবুবুর রহমান আরও জানান, লাশের সঙ্গে পরিচয়পত্র পাওয়া গেছে। সেখানে ঢাকার সূত্রাপুর থানার দেবেন্দ্রনাথ দাস লেনের ৪৬নং বাসার ঠিকানা দেওয়া হয়েছে। পিতার নাম এটিএম শামসুজ্জামান লেখা রয়েছে। পরে সূত্রাপুর থানায় যোগাযোগ করে নিশ্চিত হওয়া গেছে লাশটি অভিনেতা শামসুজ্জামানের ছেলের।

সূত্রাপুর থানার ওসি মঈনুল ইসলাম বলেন, মুলাদী থানার ওসি বিষয়টি জানানোর পর পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। খবর পাওয়ার পর তার পরিবারের সদস্যরা মুলাদীতে রওনা হয়েছেন।

জেডএস/