ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


০৮ ডিসেম্বর ২০২৩ ১১:৫২



টি-টেন ক্রিকেটে ৪৩ বলে অপরাজিত ১৯৩ রানের রেকর্ড

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

০৮ ডিসেম্বর ২০২৩ ১১:৫২

টি-টেন ক্রিকেটে ৪৩ বলে অপরাজিত ১৯৩ রানের রেকর্ড

ছবি: সংগৃহীত

এই মুহূর্তে টি-টোয়েন্টি জনপ্রিয়তা আকাশচুম্বী। টি-টোয়েন্টির এ জনপ্রিয়তা দেখে আরও সংক্ষিপ্ত করে টি-টেনের প্রবর্তন হয়। যেখানে দশ ওভারের লড়াইয়ে অবতীর্ণ হয় দু’দল। এবার সেই টি-টেন লিগেই ঘটল অবিশ্বাস্য এক রেকর্ড। যা তোলপাড় করে দিয়েছে ফরমেটটির রেকর্ডবুকে।
৬০ বলের ম্যাচে এক ক্রিকেটারই বিপক্ষে বোলারদের তুলোধুনো করে ৪৩ বল থেকে তুলে নিয়েছেন অপরাজিত ১৯৩ রান। যেখানে ছক্কা রয়েছে ২২টি, আর চারের মার রয়েছে ১৪টি। এ ইনিংস খেলতে গিয়ে তার স্ট্রাইক রেট ছিল ৪৪৯! যা দেখে চোখ ছানাবড়া হওয়ার মতো অবস্থা। খবর ফক্সস্পোর্টস
ঘটনাটি ঘটেছে ইউরোপিয়ান টি-টেন লিগে। অবিশ্বাস্য এক রেকর্ড গড়েছেন স্পেনের বাঁহাতি ব্যাটার হামজা সালিম দার। কাতালুনিয়া জাগুয়ার বনাম সোহাল হসপিটালটেটের ম্যাচে এ ইনিংস খেলে সবার নজর কেড়েছেন সালিম। ২০২০ সাল থেকে ইউরোপিয়ান লিগে খেলছেন তিনি। ১৯৩ রানের অপরাজিত ইনিংস খেলার পাশাপাশি আরও তিনটি শতরানও করেছেন টি-টেন লিগে। সঙ্গে রয়েছে ৫টি অর্ধশত রান। মোট ১ হাজার ২৮৮ রান তার। একই সঙ্গে ডানহাতি মিডিয়াম পেস বোলিং করে তুলে নিয়েছেন ৩১টি উইকেট।
এমন ইনিংস খেলার পর তিনি টি-টেনের আরও বেশকিছু রেকর্ড যে ভাঙবেন তা বলাই যায়। এ ম্যাচেও তিনি গড়েছেন আরও একটি রেকর্ড। মাত্র ২৪ বলে তুলে নিয়েছেন শতরান। এই ব্যাটারের অবিশ্বাস্য এই ইনিংসের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ভাইরাল।
এমএইচ/