নেত্রকোনা সংবাদদাতা

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


১৯ অক্টোবর ২০২২ ১০:৪৭



উপজেলা আ.লীগের কমিটি ঘোষণা নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া

নেত্রকোনা সংবাদদাতা, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

১৯ অক্টোবর ২০২২ ১০:৪৭

উপজেলা আ.লীগের কমিটি ঘোষণা নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া

ছবি: নেত্রকোনা সংবাদদাতা

নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণাকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীরা চেয়ার ছোঁড়াছুড়ি করেন। বুধবার বিকালে খালিয়াজুরী উপজেলা সদর কলেজ মাঠে অনুষ্ঠিত সম্মেলনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা সূত্রে জানা যায়,  বুধবার দুপুরে খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুরু হয়। নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান খান সম্মেলন উদ্বোধন করেন। খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রপ্ত সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় এ সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) শফিউল আলম চৌধুরী নাদেল।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য মারুফা আক্তার পপি, কেন্দ্ৰীয় আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক উপ-কমিটির সদস্য শফি আহমেদ, কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটির সদস্য ও বাংলাদেশ বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান, সংরক্ষিত নারী আসন-১৭ এর সংসদ সদস্য  হাবিবা রহমান খান শেফালী, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডেভাকেট অসিত কুমার সরকার সজল প্রমুখ। 

আলোচনা সভা শেষে সম্মেলনের ২য় পর্বে নব গঠিত উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। এসময় সভাপতি হিসেবে এ্যাডভোকেট অজিত বরন সরকার ও সাধারণ সম্পাদক হিসেবে সাদেকুর রহমান সাদেকের নাম ঘোষণা করার পর পরই বিক্ষুব্ধ নেতাকর্মীরা এ কমিটি মেনে নেবে না বলে হট্টগোল শুরু করেন। এসময় তারা সম্মেলনের মঞ্চে ভাঙচুরসহ চেয়ার ছোঁড়াছুড়ি ও ধাওয়া পাল্টা ধাওয়া করেন।

এ ব্যাপারে খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের পূর্ববর্তী কমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ জানান, সম্মেলনে ঘোষণা করা কমিটি আমরা মানি না এবং পরবর্তীতেও আমরা মানব না।

এ বিষয়ে নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি বলেন, ‘সম্মেলনের ওই হট্টগোলটি অনাকাঙ্ক্ষিত।‘ সম্মেলনে নতুন কমিটিতে খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে যাদের নাম ঘোষণা করা হয়েছে, তাদের নাম পরবর্তীতে বলবৎ রাখা হবে কি'না সে ব্যাপারেও জেলা কমিটিতে চিন্তা-ভাবনা চলছে বলে জানান তিনি।

খালিয়াজুরী থানার ওসি খায়রুল বাশার বলেন, ‘একটু ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে, তবে পরিস্থিতি শান্ত আছে।’

জেবি/