শেরপুর সংবাদদাত

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


০৫ নভেম্বর ২০২২ ০৯:০০



বন্য হাতির আক্রমণে ঘর-বাড়ি তছনছ

শেরপুর সংবাদদাত, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

০৫ নভেম্বর ২০২২ ০৯:০০

বন্য হাতির আক্রমণে ঘর-বাড়ি তছনছ

ছবি: শেরপুর সংবাদদাত

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার একটি বাড়িতে একপাল বন্য হাতি তাণ্ডব চালিয়েছে। গত শুক্রবার (৪ নভেম্বর) গভীর রাতে উপজেলার কাংশা ইউনিয়নের গুরুচরণ দুধনই এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত নাম আব্দুল মোতালেব। তিনি দিনমজুরের কাজ করেন। এ সংবাদ পেয়ে শনিবার (৫ নভেম্বর) দুপুরে ক্ষতিগ্রস্ত মোতালেবের বাড়ি পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আল মাসুদ।

এসময় তার সঙ্গে আরও ছিলেন সহকারী বন সংরক্ষক (প্রবি) ও রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, গজনী বিট কর্মকর্তা মো. মকরুল ইসলাম আকন্দ, থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফরিদ, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মো. আবুল কালাম আজাদ, কাংশা ইউপি চেয়ারম্যান মো. আতাউর রহমান, মো. রহমত উল্ল্যাহ প্রমুখ।

ক্ষতিগ্রস্ত আব্দুল মোতালেব জানান, রাত আড়াইটার দিকে বন্য হাতির একটি দল তার বাড়িতে ঢুকে ঘরের সব কিছু তছনছ করে দিয়েছে। হাতির দল তার ঘরে থাকা আলনা, ফ্রিজ, হাঁড়ি-পাতিল ও জামা-কাপড়সহ যাবতীয় আসবাবপত্র পা দিয়ে পিষে নষ্ট করে দিয়েছে। এ সময় তারা ঘরবাড়ি ফেলে পালিয়ে যান। বন্য হাতির দল প্রায় এক ঘণ্টা তাণ্ডব চালায়। শুধু তাই নয় হাতির দলটি ঘরে রাখা ধান-চালও নষ্ট করেছে। হাতির আক্রমণে তার প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য মো. রহমত আলী বলেন, ‘গত কয়েকদিন ধরে গারো পাহাড়ের বিভিন্ন এলাকায় খাবারের সন্ধানে বন্য হাতির দল হানা দিচ্ছে। বন্য হাতির দল লোকালয়ে ঢুকে কাঁচা ধান, সবজি, গাছ-পালাসহ মানুষের ঘর-বাড়ির ক্ষতি করছে।’

সহকারী বন সংরক্ষক (প্রবি) ও রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, প্রায় প্রতি বছরই গারো পাহাড়ের বন্য হাতির দল খাদ্যের সন্ধানে লোকালয়ে ঢুকে জানমালের ক্ষতি করে। তবে ক্ষতিগ্রস্ত মানুষদের বন বিভাগের পক্ষ থেকে সহযোগিতা করা হয়। বন বিভাগের আইন অনুযায়ী ক্ষতিগ্রস্ত ওই ব্যক্তিকে সহযোগিতা করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আল মাসুদ বলেন, ‘ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সহযোগিতা করা হবে।’

জেবি/