দিনাজপুর সংবাদদাতা

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


২৩ অক্টোবর ২০২২ ০৮:২৬



কৃষকের ঘরে নবান্ন উৎসবের আমেজ

দিনাজপুর সংবাদদাতা, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

২৩ অক্টোবর ২০২২ ০৮:২৬

কৃষকের ঘরে নবান্ন উৎসবের আমেজ

ছবি: দিনাজপুর সংবাদদাতা

দিনাজপুরের খানসামা উপজেলায় আমন ধান কাটা শুরু হয়েছে। উপজেলা জুড়ে আগাম জাতের ধান কাটাই-মাড়াই চলছে পুরোদমে। এ অঞ্চলের কৃষকরা ঘরে তুলতে শুরু করেছে সোনালী ধান।

উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ জানায়, চলতি বছর আমন চাষের সময় ছয় উপজেলার কৃষকদের প্রতিকূল আবহাওয়ার মোকাবিলা করতে হয়েছে। তবে আবহাওয়া এখন অনুকূলে থাকায় কৃষাণ-কৃষাণীরা নির্বিঘ্নে ধান কাটা-মাড়াই ও শুকানোর কাজ করেছেন। মাঠ জুড়ে সোনালী ধানের মৌ মৌ গন্ধে মনের আনন্দে কাজ করছেন তারা। কথা বলার মতো ফুরসত তাদের নেই। অনেকেই ধান কেঁটে আঁটি বাঁধছেন। আবার কেউ কাঁধে করে বাড়ি নিয়ে যাচ্ছেন। কেউ আবার বিভিন্ন যানবহনে করে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। বাসা-বাড়ির উঠানেও চলছে আগাম জাতের ধান মাড়াইয়ের কাজ। এসব ধান নিয়ে কৃষকের যেমন ব্যস্ততা তেমনি আনন্দও অনেক। বাড়িতে বাড়িতে চলছে শীতের সকালে ভাঁপা পুলি, তেল পিঠা, নতুন চালের পায়েস ও নাড়ু মুড়িসহ মুখরোচক খাবার তৈরি ধুম।

এবার উপজেলা কৃষি অধিদপ্তরের আমন রোপণের লক্ষ্যমাত্রার চেয়ে ১৫ হেক্টর জমিতে চাষাবাদ কম হয়েছে।
খানসামা উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর উপজেলার ৬টি ইউনিয়নে ১৩ হাজার ৭৬৫ হেক্টর জমিতে রোপা আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে চাষাবাদ হয়েছে ১৩ হাজার ৭৫০ হেক্টর জমিতে। অনাবৃষ্টির কারণে ১৫ হেক্টর জমিতে কৃষকরা চাষাবাদ করতে পারেনি।

আলোকঝাড়ী ইউনিয়নের মেম্বারপাড়ার কৃষক শহিদ মিয়া  জানান, প্রতিকূল আবহাওয়ার মধ্যেও ধানের বাম্পার ফলন হয়েছে। অগ্রহায়ণ মাসে পুরো ধান কাটা শুরু হলেও আগাম জাতের বিভিন্ন ধান কার্তিকের মাঝামাঝি থেকে কাটা শুরু হয়েছে।

একই এলাকার কৃষক মালেক জানান, অনাবৃষ্টি ও বিভিন্ন কারণে আমন ধান চাষে ব্যাঘাত ঘটলেও এবার ধানের ভাল ফলন হয়েছে। আগাম জাতের ধানের ভালো ফলনে তারা খুব খুশি। ধান তুলার পর ওই জমিতে সার ছাড়াই শীতের সবজি অথবা আলু, রসুনের আবাদ করা হয়। এ কারণেই দুই দিক থেকে তারা লাভবান হবেন। যদিও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে অধিকাংশ প্রান্তিক কৃষক দিশাহারা। তবু্ও আমন ধানের ফলনে তারা আশার আলো দেখছে। বাজারে ভালো দাম পেলে প্রান্তিক কৃষকরা এবার লাভবান হবে বলে তিনি আশা প্রকাশ করে।

জেবি/