ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


১২ মার্চ ২০২৪ ০২:৩৯



রমজানে কোন শিক্ষাপ্রতিষ্ঠান কতদিন খোলা

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

১২ মার্চ ২০২৪ ০২:৩৯

রমজানে কোন শিক্ষাপ্রতিষ্ঠান কতদিন খোলা

ছবি: সংগৃহীত

রমজানে স্কুল বন্ধ রাখার বিষয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে রমজানে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল খোলা রাখতে বাধা রইল না। এরপরই কোন পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান রমজানে কতদিন খোলা থাকবে তা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন জানান, আপিল বিভাগের রায়ের পর পবিত্র রমজানে স্কুল খোলা রাখতে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে কোনো বাধা নেই। আগের সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি প্রাথমিক বিদ্যালয় রমজানের প্রথম ১০ দিন খোলা থাকবে।

আর শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের জানান, সারাদেশের মাধ্যমিক বিদ্যালয়গুলো রোজায় ১৫ দিন খোলা থাকবে।

অন্যদিকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্র জানায়, সারাদেশের কলেজগুলো রমজানে আগামী ২৪ মার্চ পর্যন্ত খোলা রাখা হবে।

এ ছাড়া রমজান উপলক্ষে মাদ্রাসার ছুটির তালিকাও সংশোধন করেছে সরকার। এতে ১৫ দিন ছুটি কমানো হয়েছে। নতুন এ সিদ্ধান্ত অনুযায়ী, ২১ মার্চ পর্যন্ত মাদ্রাসায় ক্লাস-পরীক্ষা চলবে।

এদিকে রোজায় প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম চলবে নতুন সময়সূচিতে। নতুন সময়সূচি অনুযায়ী, সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলবে। আগামী ১০ রমজান পর্যন্ত এ নিয়মে নিয়মিত পাঠদান কার্যক্রম চালু থাকবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) শাহ রেজওয়ান হায়াতের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত ৮ ফেব্রুয়ারি ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি আংশিক সংশোধন করে রমজানে ১৫ দিন মাধ্যমিক পর্যায়ের স্কুল খোলা রাখার সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়। এরপর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ও জানায়, রমজানে ১০ দিন ক্লাস চলবে।

মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন এক শিক্ষার্থীর অভিভাবক। পরে রমজানে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নিয়ে জারি করা মন্ত্রণালয়ের দুটি প্রজ্ঞাপন দুই মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। এ আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

এসএ/