ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


০২ জুন ২০২৪ ০৩:৪৫



সদরপুরে আতঙ্কে দিন কাটছে নীল কমল মণ্ডলের পরিবারের

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

০২ জুন ২০২৪ ০৩:৪৫

সদরপুরে আতঙ্কে দিন কাটছে নীল কমল মণ্ডলের পরিবারের

অভিযুক্ত সঞ্জয় মন্ডল (বামে) ও স্বদীপ মন্ডল। ছবি: সংগৃহীত

ফরিদপুরের সদরপুরে জমি নিয়ে বিরোধের জেরে মারধর ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ঘটনার পর থানায় অভিযোগ জানানোর এক মাস পেরিয়ে গেলেও অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। 

গত ১ মে বুধবার সদরপুর উপজেলার রামচন্দ্রপুর এলাকা ও বাড়ৈর হাট বাজার এলাকার মাঝামাঝি স্থানে মারধর ও ছিনতাইয়ের শিকার হন নীল কমল মন্ডল। তিনি ওইদিন বিকেলে স্থানীয় সঞ্জয় মন্ডলসহ আটজনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দেন।

অভিযুক্ত সঞ্জয় মন্ডল ওই এলাকার মৃত সত্য রঞ্জন মন্ডল ছেলে। অন্য অভিযুক্তরা হলেন, জাকির খান (৫৫), স্বদীপ মন্ডল (৩৫), মথন সরকার (৫৫), মিঠুন সরকার (৩০), শুকলাল মন্ডল (৩০), পরিতোষ মন্ডল (২২), পরিমল মন্ডল (২৮)। উভয়ের বাড়ি সদরপুরের কৃষ্ণপুর ইউনিয়নের উজির খার কান্দি গ্রামে।

এলাকাবাসী ও অভিযোগপত্রের সূত্রে জানা যায়, নীল কমল মন্ডল সঙ্গে পারিবারিক ও জায়গা জমি এবং মামলা মোকদ্দমা নিয়ে বিরোধ চলছিল। সেই সূত্র ধরে তাকে পথে ঘাটে অকথ্য ভাষায় গালিগালাজ এবং মারধর করার হুমকি দিতো। 

সবশেষ গত ১ মে বিকেলে নীল কমল মন্ডল ও তার ভাগ্নে সুজয় গাইন (৩০) কে সঙ্গে নিয়ে জেলা সদরের রামচন্দ্রপুর এলাকায় রোগী দেখে মোটরসাইকেলে করে বাড়ৈর হাট বাজারে আসার পথে মাঝকান্দি গোপাল খানের বসত বাড়ীর সামনে অভিযুক্ত ওই আট ব্যক্তি তার গতিরোধ করে।

এরপর তাকে মোটরসাইকেল থেকে নামিয়ে লোহার রড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। পরে সঞ্জয় মন্ডলের হাতে থাকা চাইনিজ কুড়াল দিয়ে নীল কমল মন্ডলকে কোপ দেয়। যা নীল কমল মন্ডল বাম পায়ের হাটুর নিচে লেগে তিনি গুরুতর জখম হয়।


নীল কমল মন্ডলের পকেটে থাকা ১৬ হাজার টাকা ছিনিয়ে নেয় স্বদীপ মন্ডল। মোবাইল ছিনিয়ে নেয় মথন সরকার ও মিঠুন সরদার। শুকলাল মন্ডল ছিনিয়ে নেয় অন্য একটি মোবাইল ফোন। এক ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় পরিতোষ মন্ডল। আর পরিমল মন্ডল ছিনিয়ে নেয় তার ভাগ্নে সুজয় গাইনের গলায় থাকা এক ভরি ওজনের স্বর্ণের চেইন।

পরবর্তীতে তাদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা নীল কমল মন্ডল ও তার ভাগ্নে সুজয় গাইনকে খুন করার হুমকি দিয়ে চলে যায়। এরপর তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বিবাদীদের হুমকি ধামকিতে নীল কমল মন্ডল ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন এমন দাবি করে ফরিদপুরের সদরপুর থানায় অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে নীল কমল মন্ডল বলেন, ঘটনার এক মাস পেরিয়ে গেলেও অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় আতঙ্কে দিন কাটাচ্ছি। প্রতিদিন জীবনে ভয় এবং নিরাপত্তাহীনতা নিয়ে চলাফেরা করতে হচ্ছে। পাশাপাশি চরম নিরাপত্তাহীনতায় আছি। 

তিনি এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের দ্রুত শাস্তির দাবি জানান।

রবিবার (২ জুন) ফরিদপুরের সদরপুর থানার উপপরিদর্শক (এসআই) হাদি মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, মারধর ও ছিনতাইয়ের অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসএ/