ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


২৮ জুলাই ২০২৪ ১০:৪৩



মেট্রোরেলে হামলার সমন্বয় করেন ছাত্রদল নেতা: ডিবিপ্রধান

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

২৮ জুলাই ২০২৪ ১০:৪৩

মেট্রোরেলে হামলার সমন্বয় করেন ছাত্রদল নেতা: ডিবিপ্রধান

ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ বলেছেন, মেট্রোরেলসহ সরকারি স্থাপনায় হামলার পেছনে বিএনপি-জামায়াত জড়িত ছিল। রোববার (২৮ জুলাই) ডিবি কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে মেট্রোরেলের কাজিপাড়া ও মিরপুর ১০ স্টেশনে হামলা ও ভাঙচুরে জড়িতদের গ্রেপ্তার তথ্য জানিয়ে তিনি এসব কথা বলেন।

হারুন অর রশীদ বলেন, শনিবার (২৭ জুলাই) ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মিরপুরের ১০ নম্বর ও কাজীপাড়ায় মেট্রোরেল স্টেশনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ছাত্রদলের নেতাসহ চারজনকে গ্রেপ্তার করে ডিবির সাইবার ক্রাইম দক্ষিণ বিভাগ। 

তিনি বলেন, পরিকল্পিতভাবে মিরপুরে মেট্রোরেলে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। হামলার সমন্বয় করেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আবু হান্নান তালুকদার। হামলায় নেতৃত্ব দেন ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল শাখার সাধারণ সম্পাদক ইমাম আল নাসের (মিশুক)।

গ্রেপ্তার অন্য দুজন হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল শাখার সিনিয়র যুগ্ম সম্পাদক বজলুল রহমান (বিজয়) ও ছাত্রদলের জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি মো. ফেরদৌস (রুবেল)।

হারুন অর রশীদ বলেন, কোটা সংস্কার আন্দোলনে জামায়াত-বিএনপির সন্ত্রাসীরা শিক্ষার্থীদের ব্যবহার করে বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনায় হামলা ও ভাঙচুর করেছে। তারা স্বপ্নের মেট্রোরেলে আগুন লাগিয়েছে, সেতু ভবনে আগুন লাগিয়েছেন। পুলিশ সদস্যদের হামলা ও হত্যা করা হয়েছে। তারা যেখানেই থাকুক না কেন, সবাইকে গ্রেপ্তার করা হবে।

এমএইচ/