ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


১৪ আগস্ট ২০২৪ ০৯:১৫



ধানমন্ডি ৩২-এ অবস্থানকালে অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

১৪ আগস্ট ২০২৪ ০৯:১৫

ধানমন্ডি ৩২-এ অবস্থানকালে অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বাড়িতে বুধবার (১৪ আগস্ট) সকাল থেকে অবস্থান নিয়েছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রোকেয়া প্রাচী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গত ৫ আগস্ট সরকার পতনের পর বাড়িটি আগুনে পুড়িয়ে দেয়া হয়। ধ্বংসস্তুপে পরিণত হওয়া সেই বাড়িতে শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়ে তিনি জানিয়েছিলেন, ‘আছি ধানমন্ডি ৩২-এ। হোক সব হত্যার, সব নৈরাজ্যের বিচার।’

এ অভিনেত্রী ফেসবুকে আরও লিখেছিলেন, ‘বিচার হোক বাঙালির ইতিহাস হত্যার। আছি। আমরাও বিচার চাই। শান্তিপূর্ণ প্রতিবাদে স্মরণ করব স্বাধীনতা এবং বঙ্গবন্ধুর ইতিহাস। আছি পুড়ে যাওয়া ৩২-এ।’

এদিকে ১৫ আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যু দিবস উপলক্ষে এদিন সন্ধ্যায় ৩২ নম্বরের ওই বাড়িটিতে মোমবাতি প্রজ্জ্বলন আয়োজন করা হয়েছিল। সেখানে রোকেয়া প্রাচীসহ উপস্থিত সবার ওপর হামলার ঘটনা ঘটে। বিষয়টি অনলাইন সংবাদমাধ্যম চ্যানেল ২৪ কে এ অভিনেত্রী নিজেই নিশ্চিত করেছেন।

অভিনেত্রী রোকেয়া প্রাচী বলেন, বঙ্গবন্ধুর রেপলিকার সামনে মোমবাতি প্রজ্জ্বলন করায় হামলা করা হয়েছে আমাদের ওপর। আমাকে ওরা মেরে ফেলতে চেয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত মেরে ফেলতে পারেনি।

তিনি আরও বলেন, শান্তিপূর্ণভাবেই কর্মসূচি পালন করছিলাম আমরা। হঠাৎ সন্ধ্যা সাতটার দিকে অতর্কিত হামলা করা হয়। বেধড়ক পেটানো হয়েছে আমাদের।

প্রসঙ্গত, সাধারণ শিক্ষার্থী ও মানুষের রোষানলে পড়ে গত ৫ আগস্ট দুপুর আড়াইটায় পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। তার দেশ ছাড়ার খবর প্রকাশ্যে আসার পরই আওয়ামী লীগ এবং দলটির সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দেশ ছাড়াসহ আত্মগোপনে চলে যান। এ কারণে গত কয়েকদিন দলটির করুণ অবস্থা নিয়ে চুপ ছিলেন অনেকেই। তবে এবার সরব হলেন তিনি। কিন্তু কর্মসূচি পালন করতে গিয়ে হামলার শিকার হলেন রোকেয়া প্রাচী।

এমএইচ/