ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
১২ নভেম্বর ২০২৪ ০৯:০১
ছবি: সংগূহীত
ঢালাওভাবে প্রেস অ্যাক্রিডিটেশন বাতিলের পদক্ষেপ সংবাদ মাধ্যমের স্বাধীনতা ও গণতান্ত্রিক পরিবেশের অন্তরায় বলে জানিয়েছে সম্পাদক পরিষদ।
মঙ্গলবার (১২ নভেম্বর) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা
জানানো হয়। বিবৃতিতে স্বাক্ষর করেন সম্পাদক পরিষদের সভাপতি মাহফুজ আনাম ও সাধারণ সম্পাদক
দেওয়ান হানিফ মাহমুদ।
এতে বলা হয়, তিন দফায় মোট ১৬৭ জন সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড
বাতিল করেছে তথ্য অধিদপ্তর (পিআইডি)। এ তালিকায় অনেক পেশাদার ও সক্রিয় সাংবাদিক এবং
সম্পাদকের নামও রয়েছে, যা সম্পাদক পরিষদ ও এর সদস্যদের উদ্বিগ্ন করে তুলেছে।
বিবৃতিতে বলা হয়, সম্পাদক পরিষদ মনে করে, অ্যাক্রিডিটেশন কার্ডের
কোনো অপব্যবহার হলে তা রিভিউ করার অধিকার তথ্য মন্ত্রণালয় রাখে। তবে এভাবে সুনির্দিষ্ট
অভিযোগ ও অপরাধের প্রমাণ ছাড়াই ঢালাওভাবে প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের পদক্ষেপ
সংবাদ মাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতের অন্তরায়। এর
মধ্য দিয়ে গণমাধ্যমে সেন্সরশিপসহ নিয়ন্ত্রণবাদী পরিবেশ তৈরির ঝুঁকি তৈরি হচ্ছে, যা
জুলাই-আগস্ট অভ্যুত্থানের মূল চেতনারও পরিপন্থি। বিষয়টিকে বিগত অতিনিয়ন্ত্রণবাদী
কাঠামোর অগণতান্ত্রিক চর্চারই পুনরাবৃত্তি হিসেবে দেখছে সম্পাদক পরিষদ।
বিবৃতিতে আরও বলা হয়, এ অবস্থায় তথ্য মন্ত্রণালয়ের প্রতি সম্পাদক
পরিষদের আহ্বান, সুনির্দিষ্ট অভিযোগ ও অপরাধের প্রমাণ ছাড়া এ ধরনের ঢালাও পদক্ষেপ
গ্রহণ থেকে বিরত থাকার পাশাপাশি সংবাদ মাধ্যমের ওপর সব ধরনের আক্রমণ বন্ধ এবং স্বাধীন
ও গণতান্ত্রিক সাংবাদিকতা নিশ্চিতে পদক্ষেপ গ্রহণ করুন।
/এসবি