ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
১৬ নভেম্বর ২০২৪ ১০:৪১
ছবি: সংগৃহীত
মধ্য নভেম্বরে রাজধানীতেও শুরু হয়েছে শীতের আমেজ। ভোর থেকে সকাল পর্যন্ত কুয়াশা থাকছে রাজধানীসহ দেশের উত্তর-পূর্ব ও মধ্যাঞ্চলের খোলা জায়গা ও নদী অববাহিকায়। আবহাওয়া অধিদপ্তর বলছে, অক্টোবরে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হওয়ায় কুয়াশার দেখা মিলছে। তবে এই মাসে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার শঙ্কা নেই। তবে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, অক্টোবরে সারা দেশে স্বাভাবিক বৃষ্টি হয় ১৬০ মিলিমিটার। কিন্তু এবার তা হয়েছে ২০৭ মিলিমিটার। অর্থাৎ বৃষ্টি বেশি হয়েছে ২৯ মিলিমিটার। এতে ঘূর্ণিঝড় ডানার প্রভাব ছিল। সেজন্য কুয়াশার সঙ্গে শীতের আমেজ অনুভূত হচ্ছে। তবে এ মাসে শৈত্যপ্রবাহের শঙ্কা নেই।
অধিদপ্তরের পরিচালক ড. মো. ছাদেকুল আলম বলেন, নভেম্বর মাস ঘূর্ণিঝড়প্রবণ। এরই মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ দেখা দিলেও তা এখন নিষ্ক্রিয়। তবে মাসের শেষে আরও একটি লঘুচাপ থেকে নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, শীত মূলত ডিসেম্বর থেকে জেঁকে বসতে পারে। তবে রাজধানীতে পুরোদমে শীতের আমেজ অনুভূত হতে পারে মধ্য ডিসেম্বর থেকে।
এসএ/