ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
০৩ ডিসেম্বর ২০২৪ ০৮:৩৬
ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, প্রতিবন্ধীদের সুন্দর ও স্বাভাবিক পরিবেশে বেড়ে ওঠার সুযোগ দিতে হবে এবং তাদের মানসিক বিকাশে বিভিন্ন পারিবারিক ও সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
আজ ‘৩৩তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস’ ও ‘২৬তম জাতীয় প্রতিবন্ধী
দিবস’ উপলক্ষ্যে আজ দেয়া এক বাণীতে তিনি এ
কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, ‘সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক ৩৩তম আন্তর্জাতিক
প্রতিবন্ধী দিবস ও ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস- ২০২৪ উদ্যাপনের উদ্যোগকে আমি স্বাগত
জানাই। এ উপলক্ষ্যে আমি দেশের সকল প্রতিবন্ধী ব্যক্তি, তাদের পরিবার এবং প্রতিবন্ধীদের
কল্যাণে কর্মরত সংস্থা ও সংগঠনসমূহকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।’
তিনি বলেন, ‘প্রকৃতিগতভাবে বিশেষ গুণসম্পন্ন প্রতিবন্ধীগণ আমাদের
সমাজের অবিচ্ছেদ্য অংশ। সমাজের এই বিশেষ জনগোষ্ঠীকে বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয়।
সঠিক পরিচর্যা ও প্রতিবন্ধীদের উন্নয়নে অন্তর্ভুক্তিমূলক কর্মসূচি গ্রহণ করা হলে তারাও
দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখতে সক্ষম হবেন। প্রেক্ষিতে দিবসটির এবছরের প্রতিপাদ্য-‘অন্তর্ভুক্তিমূলক
টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ, বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ’ অত্যন্ত সময়োপযোগী
এবং যথার্থ হয়েছে বলে আমি মনে করি।’
মো. সাহাবুদ্দিন বলেন, প্রতিবন্ধী জনগোষ্ঠীর অধিকার ও মর্যাদা
সুরক্ষায় ২০০৬ সালের ১৩ ডিসেম্বর বাংলাদেশ জাতিসংঘ কর্তৃক গৃহীত প্রতিবন্ধী ব্যক্তিবর্গের
অধিকার সনদ (ইউএনসিআরপিডি) অনুসমর্থন করে। এছাড়া প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা
আইন, নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট আইন, বাংলাদেশ রিহ্যাবিলিটেশন
কাউন্সিল আইন ও প্রতিবন্ধিতা সম্পর্কিত সমন্বিত বিশেষ শিক্ষা নীতিমালা প্রণয়ন করা হয়েছে।
এ সকল আইন ও বিধি-বিধানের পাশাপাশি যুব সমাজের স্বপ্নকে ধারণ করে একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত,
ন্যায়ভিত্তিক ও আধুনিক বাংলাদেশ গঠনে অন্তর্র্বর্তী সরকার বহুমুখী সংস্কার পরিকল্পনা
গ্রহণ করেছে। পরিকল্পনাগুলোর সফল বাস্তবায়ন প্রতিবন্ধী জনগোষ্ঠীকে কর্মসংস্থান ও স্বনির্ভরতা
অর্জনের মাধ্যমে উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে
বলে আমি মনে করি
তিনি প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়ন ও একটি প্রতিবন্ধীবান্ধব
সমাজ প্রতিষ্ঠায় সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট বেসরকারি প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংগঠন,
দেশি-বিদেশি সংস্থা ও সুশীল সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান।
রাষ্ট্রপতি ৩৩তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৬তম জাতীয় প্রতিবন্ধী
দিবসের সকল কর্মসূচির সফলতা কামনা করেন।
/এসবি