ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


০৭ ডিসেম্বর ২০২৪ ১২:০৮



প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়
শিক্ষার্থীদের দাবির মুখে উপাচার্যসহ তিন শিক্ষকের পদত্যাগ

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

০৭ ডিসেম্বর ২০২৪ ১২:০৮

শিক্ষার্থীদের দাবির মুখে উপাচার্যসহ তিন শিক্ষকের পদত্যাগ

ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করেছেন চট্টগ্রামের বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. অনুপম সেন। একইসাথে উপ-উপাচার্য ও ট্রেজারারও পদত্যাগ করেছেন।

শুক্রবার রাতে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির।

তিনি বলেন, ‘উপাচার্য অনুপম সেন বার্ধক্যজনিত কারণ দেখিয়ে পদত্যাগপত্র দিয়েছেন। এছাড়া ব্যক্তিগত কারণ দেখিয়ে উপ-উপাচার্য অধ্যাপক ড. কাজী শামীম সুলতানা ও ট্রেজারার অধ্যাপক ড. তৌফিক সাঈদ পদত্যাগ করেছেন। পদত্যাগপত্র রাষ্ট্রপতি নিকট পাঠিয়ে দেওয়া হবে।’

এর আগে, গত দুদিন উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা। এ নিয়ে বুধবার থেকে তিনটি ক্যাম্পাসে তালা দিয়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা করে শিক্ষার্থীরা।

এর আগে আজ বেলা সাড়ে তিনটায় পদত্যাগের দাবিতে সমাবেশ করেন শিক্ষার্থীরা। নগরের জিইসি ক্যাম্পাসের সামনে এ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ চলাকালে সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীরা পদত্যাগের সময় বেঁধে দেন। শিক্ষার্থীরা বলেন, আজ রাত আটটার মধ্যে তিন শিক্ষক পদত্যাগ না করলে আগামীকাল শনিবার কঠোর কর্মসূচি পালিত হবে। এরপরই পদত্যাগের সিদ্ধান্ত নেন তিন শিক্ষক।

পদত্যাগের সিদ্ধান্ত আসায় বিক্ষোভ কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষার্থীরা। রাত ১০টায় বিশ্ববিদ্যালয়টির আইন বিভাগের শিক্ষার্থী প্রান্ত বড়ুয়া বলেন, তাদের দাবি পূরণ হয়েছে। তারা এখন শ্রেণিকক্ষে ফিরে যাবেন।

এর আগে গত বুধবার একই দাবিতে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। এতে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রাসেল আহমেদ। সমাবেশ শেষে দুপুর ১২টার দিকে তিন শিক্ষকের পদত্যাগের জন্য এক ঘণ্টা সময় বেঁধে দেন শিক্ষার্থীরা। এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড পুনর্গঠনেরও দাবি জানান। পরে বিশ্ববিদ্যালয়ের জিইসি মোড়, হাজারী গলি ও ওয়াসা মোড় ক্যাম্পাসের ফটকে তালা দেওয়া হয়। এরপর গতকাল বৃহস্পতিবারও একই দাবিতে কর্মসূচি পালিত হয়েছে।

/এসবি