নিজস্ব প্রতিবেদক

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


২৪ জুলাই ২০২২ ১০:৪৫



‘তত্ত্বাবধায়ক সরকার মেনে নিলে চা খেতে সমস্যা নেই’

নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

২৪ জুলাই ২০২২ ১০:৪৫

‘তত্ত্বাবধায়ক সরকার মেনে নিলে চা খেতে সমস্যা নেই’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিলে প্রধানমন্ত্রীর চায়ের দাওয়াতে যেতে কোনো সমস্য নেই বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার (২৪ জুলাই) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সেমিনার প্রধান অথিতির বক্তব্যে তিনি এ কথা জানান। ‘বিদ্যুৎ ও জ্বালানি খাতে অমানিশা: দুর্নীতি আর লুটপাটের খেসারত’শীর্ষক এ সেমিনার আয়োজন করে এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (অ্যাব)।

কার্যালয় ঘেরাও করতে এলে বিএনপিকে চা খাওয়াবেন— প্রধানমন্ত্রীর শেখ হাসিনার এমন বক্তব্য প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন— উনার কার্যালয়ে এলে চা খাওয়াবেন। তার আগে বলে দেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এনে দিচ্ছি। সেটা বলে দেন। তারপর চা-টা খাওয়া যাবে, অসুবিধা নেই। সবার আগে তত্ত্বাবধায়ক সরকার মেনে নেন।’

মির্জা ফখরুল বলেন, ‘এই সমস্ত চা টা খাওয়ার কথা বলে কোনো লাভ নেই। একটাই কথা, পদত্যাগ করুন। পদত্যাগ করে নিরপেক্ষ নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা দিন এবং একটা নতুন নির্বাচন কমিশন গঠন করে গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করুন। আপনি (প্রধানমন্ত্রী) দেশকে ফিরিয়ে নিয়ে আসুন, যাতে আমরা সত্যিকার অর্থেই সামনের দিকে এগিয়ে যেতে পারি।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমি গতকাল বলেছি- একমাত্র সমাধান হচ্ছে প্রতিনিধিত্বমূলক পার্লামেন্ট। প্রতিনিধিত্বমূলক ও জবাবদিহীতামূলক পার্লামেন্ট গঠন করতে হবে। আজকে এই ঘটনাগুলো (জ্বালানি সংকট) ঘটছে কেন? দেয়ার ইজ নো অ্যাকাউন্টিবিলিটি। কোথাও কোনো জবাবদিহীতা নেই। কাউকে জবাব দিতে হয় না। ইমডেমনিটি দেওয়া হয়েছে এই বিদ্যুতের ব্যাপারে।’

এ সময় রাজনৈতিক দলসহ সবাইকে আহ্বান জানিয়ে ফখরুল বলেন, ‘এই ডাকাতদের (আওয়ামী লীগ) হাত থেকে মুক্তি পেতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে । রাজপথের আন্দোলনের মধ্য দিয়ে তাদেরকে পরাজিত করে ৭১ সালের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে।’

এসএ/এসএল