নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
২২ মে ২০২২ ০৩:২৬
প্রতীকী ছবি
কুমিল্লা
সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণায় অংশ না নিতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছে
বিএনপি। কেন্দ্রীয় নির্দেশনার পর শনিবার রাতে পৃথকভাবে একই নির্দেশনা জারি করেছে কুমিল্লা
দক্ষিণ জেলা বিএনপিও। বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদেরও এই নির্দেশনা মানতে হবে।
আগামী ১৫
জুন হবে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন। দলের নির্দেশ উপেক্ষা করে এ নির্বাচনে লড়তে
যাচ্ছেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনিরুল হক।
শনিবার রাতে
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি বেগম রাবেয়া চৌধুরী ও সাধারণ সম্পাদক আমিন উর
রশিদ ইয়াছিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক বর্তমান
সরকার ও নির্বাচন কমিশনের অধীন বিএনপি কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না। কুমিল্লা সিটি
করপোরেশন নির্বাচনে মনিরুল হক ও মোহাম্মদ নিজাম উদ্দিন কায়সার অংশগ্রহণ করায় তাঁদের
বহিষ্কার করা হয়েছে। দলের কেউ তাদের পক্ষে নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করলে তা সংগঠনবিরোধী
কার্যক্রম হিসেবে গণ্য হবে এবং তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার
সন্ধ্যায় মনিরুল হককে (সাক্কু) আজীবনের জন্য দল থেকে বহিষ্কার করে। একই সঙ্গে মনিরুলের
সঙ্গে দলের নেতাকর্মীদের যোগাযোগ না করার জন্য বলা হয়। এ ছাড়া স্বেচ্ছাসেবক দলের কুমিল্লা
মহানগরের সভাপতি মোহাম্মদ নিজাম উদ্দিন কায়সারকে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল থেকে আজীবনের
জন্য বহিষ্কার করা হয়। যদিও বৃহস্পতিবার মনোনয়নপত্র বৈধ হওয়ার পর মনিরুল বিকালে এবং
নিজাম দুপুরে দল থেকে পদত্যাগ করেন।
নির্বাচনের
মাঠে সক্রিয় দুই মেয়র প্রার্থী মনিরুল ও নিজাম। ২৬ মে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ
দিন। ২৭ মে প্রতীক বরাদ্দ, এরপর প্রচারণা শুরু। এবার ভোট হবে ইভিএমে।
ডিডি/এএল