নিজস্ব প্রতিবেদক

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


২৮ জুলাই ২০২২ ১২:৪৯



আয়ের চেয়ে ব্যয় বেশি বিএনপির

নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

২৮ জুলাই ২০২২ ১২:৪৯

আয়ের চেয়ে ব্যয় বেশি বিএনপির

ছবি: সংগৃহীত

গত তিন বছর ধরে আয়ের চেয়ে ব্যয় বেশি হয়েছে বাংলাদেশ ন্যাশনাল পার্টির (বিএনপি)। বৃহস্পতিবার (২৮ জুলাই) দলটি ২০২১ সালের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দেয়। পরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমের কাছে দলের আয়-ব্যয়ের তথ্য তুলে ধরেন।

বিএনপির আয়-ব্যয়ের হিসাবে দেখা যায়, ২০২১ সালে দলটি ৮৪ লাখ ১২ হাজার ৪৪৪ টাকা আয়ের বিপরীতে ব্যয় করেছে এক কোটি ৯৮ লাখ ৪৭ হাজার ১৭১ টাকা। অর্থাৎ, আয়ের চেয়ে ব্যয় বেশি হয়েছে এক কোটি ১৪ লাখ ৩৪ হাজার ৭২৭ টাকা। এই অতিরিক্ত ব্যয় আগে ব্যাংকের স্থিতি থেকে মিটিয়েছে দলটি।

বিএনপির গত কয়েক বছরের আয়-ব্যয়ের হিসাব পর্যালোচনা করে দেখা গেছে,  বিএনপি ২০২০ সালে আয় করেছে এক কোটি ২২ লাখ ৫৩ হাজার ১৪৯ টাকা। বিপরীতে ব্যয় হয় এক কোটি ৭৪ লাখ ৫২ হাজার ৫১৩। এই বছরে দলটির ঘাটতি ৫১ লাখ ৯৯ হাজার ৩৬৪ টাকা।

২০১৯ সালে বিএনপির আয় ছিল ৮৭ লাখ ৫২ হাজার ৭১০ টাকা। ব্যয় ছিল দুই কোটি ৬৬ লাখ ৮৬ হাজার ১৩৭ টাকা। আয়ের চেয়ে ব্যয় এই বছর বেশি হয় এক কোটি ৭৯ লাখ ৩৩ হাজার ৪২৭ টাকা।

গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা অনুযায়ী, পূর্ববর্তী পঞ্জিকা বছরে দলের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব ৩১ জুলাইয়ের মধ্যে ইসির কাছে জমা দেওয়ার বিধান রয়েছে। কোনো দল পরপর তিন বছর হিসাব জমা দিতে ব্যর্থ হলে নিবন্ধন বাতিল করতে পারে ইসি।

এসএ/এসএল