নিজস্ব প্রতিবেদক

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


০২ আগস্ট ২০২২ ০৫:২৫



বিএনপির সঙ্গে যৌথ আন্দোলন করবে গণফোরাম

নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

০২ আগস্ট ২০২২ ০৫:২৫

বিএনপির সঙ্গে যৌথ আন্দোলন করবে গণফোরাম

সংলাপ শেষে বক্তব্য রাখছেন বিএনপি ও গণফোরামের নেতারা। ছবি- সংগৃহীত


সরকারের বিরুদ্ধে এক হয়ে আন্দোলনে নামতে একমত হয়েছে বিএনপি ও গণফোরাম। মঙ্গলবার (২ অগাস্ট) বিকেলে দুই দলের আনুষ্ঠানিক সংলাপ হয়। সংলাপ শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও গণফোরামের সভাপতি (একাংশ) মোস্তফা মোহসীন মন্টু এ মতৈক্যের ঘোষণা দেন।

সংলাপ শেষে মির্জা ফখরুল বলেন, ‘আমরা একমত হতে হয়েছি যে এই ভয়াবহ দানবীয় সরকার, যারা আমাদের সব অর্জনকে ধ্বংস করে দিচ্ছে, তাকে সরিয়ে জনগণের একটি সরকার প্রতিষ্ঠা করব, এবং একটা পার্লামেন্ট তৈরি করব। এই বিষয়ে আমরা সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে যুগপৎ আন্দোলন করার ব্যাপারেও একমত হয়েছি।’

তিনি জানান, বৈঠকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিসহ দলের ৩৫ লাখ নেতা-কর্মীর মামলা প্রত্যাহার, নির্বাচনকালীন একটি তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা, সব দলের মতামতের ভিত্তিতে নতুন নির্বাচন কমিশন গঠন ও সেই কমিশনের পরিচালনায় সবার কাছে গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক একটি সুষ্ঠু নির্বাচনের বিষয় নিয়ে আলোচনা হয়।

নির্বাচনের পর জাতীয় সরকার গঠন করা হবে বলে জানান মির্জা ফখরুল ইসলাম। তিনি বলেন, ‘আন্দোলনে অংশগ্রহণকারীদের নিয়ে জাতীয় সরকার গঠনের মধ্য দিয়ে দেশে যে অব্যবস্থাপনা রয়েছে। প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে। সেই প্রতিষ্ঠানগুলোকে তৈরি করার ব্যাপারে অর্থাৎ রাষ্ট্রকে সংস্কারের একটা প্রস্তাবও আমরা দিয়েছি।’

গণফোরামের একাংশের সভাপতি মোস্তফা মোহসীন মন্টু বলেন, ‘আমি বিশ্বাস করি, এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না। একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে অতীতের অভিজ্ঞতার আলোকে আমরা একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটি নির্বাচন চাইছি।’

তিনি আরো বলেন, ‘এই নির্বাচনটা জনগণের স্বার্থে, মুক্তিযুদ্ধ এবং গণতন্ত্র পুনরুদ্ধারের যে চেতনার কথা আমরা বলি, সেই চেতনাটা বাস্তবায়নে আমরা কাজ করে যাব।’

সংলাপে বিএনপির প্রতিনিধিদলে ছিলেন স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য মনিরুল হক চৌধুরী ও মিডিয়া সেলের সদস্য জহির উদ্দিন স্বপন। মোস্তফা মোহসীন মন্টুর নেতৃত্বে সংলাপে গণফোরামের নির্বাহী সহসভাপতি অধ্যাপক আবু সাইয়িদ, মহসিন রশিদ, মহিউদ্দিন আবদুল কাদের, সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরীসহ আট নেতা উপস্থিত ছিলেন।

রাজধানীর আরামবাগের ইডেন গার্ডেনে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে প্রায় দেড় ঘণ্টা এ সংলাপ অনুষ্ঠিত হয়।

 

/এইচকে