নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
২৬ জানুয়ারি ২০২৩ ০৯:০৭
ছবি: বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
বায়েজিদ
বোস্তামীর মাজার চট্টগ্রামের নাসিরাবাদের একটি পাহাড়ের উপরে অবস্থিত। ইরানের বিখ্যাত
সুফি বায়েজিদ বোস্তামীর নামে গড়ে ওঠা এই মাজার চট্টগ্রামের ধর্মপ্রাণ মানুষের পাশাপাশি
চট্টগ্রামে আসা দেশি-বিদেশি পর্যটকদের জন্যও একটি আকর্ষণীয় স্থান।
বায়েজিদ
বোস্তামীর মাজারের পাদদেশে একটি সুবিশাল দীঘি অবস্থিত। এর বাসিন্দা হিসেবে বোস্তামীর
কাছিম ও গজার মাছ সুবিখ্যাত। আঞ্চলিকভাবে এদের মাজারি ও গজারি বলে আখ্যায়িত করা হয়।
বোস্তামীর কাছিম আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি অত্যন্ত বিরল ও বিপন্নপ্রায় প্রজাতি।
বর্তমানে
বায়েজিদ বোস্তামীর মাজার প্রাঙ্গণ ব্যতীত বিশ্বের আর কোথাও এদের দেখা মেলে না। মাজারের
দেখাশোনার দায়িত্বে থাকা মাজার তত্ত্বাবধায়ক কমিটির লোকদের দ্বারাই এদের প্রতিপালন
করা হয়। বর্তমানে মাজার প্রাঙ্গণসংলগ্ন এই দীঘিতে ১৫০ থেকে সাড়ে ৩০০ কচ্ছপের
আবাস রয়েছে বলে ধারণা করা হয়।