নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
২৯ জানুয়ারি ২০২৩ ০৭:২০
ছবি: বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
রাজধানীর অদূরে পূর্বাচলে চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৭তম আসর। আগামী ৩১ জানুয়ারি বন্ধ হবে মেলার কেনাকাটা। শেষ মুহূর্তে মেলায় ঢল নেমেছে ক্রেতা ও দর্শনার্থীদের। বাড়ছে কেনাকাটাও। শুক্রবার বিকেলে পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে গিয়ে এমন চিত্র দেখা যায়।
মেলার প্রধান
ফটকের সামনে দর্শনার্থীদের দীর্ঘ সারি। তারা কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে লাইন ধরে
মেলায় প্রবেশ করছেন। মেলার প্রবেশ ফটকে পুলিশ ও মেলা কর্তৃপক্ষের লোকজন রয়েছেন নিরাপত্তার
দায়িত্বে। ঢাকাসহ নারায়ণগঞ্জ, গাজীপুর ও আশপাশের অনেক এলাকা থেকে মেলায় এসেছে মানুষ।
কেউ পরিবার নিয়ে এসেছেন। আবার কেউ এসেছেন বন্ধুদের সঙ্গে।
মেলায় প্রবেশের
পরই চোখে পড়ে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারের সামনে থাকা
সুবিশাল খালি জায়গা। যেখানে রয়েছে বিশ্রাম করার জন্য বেঞ্চ, দৃষ্টিনন্দন ফোয়ারা ও
হাঁটা-চলার জন্য পর্যাপ্ত জায়গা। সেখানে অনেকেই গল্প-আড্ডায় মেতে উঠেছেন। আবার কেউ
প্রিয়জনদের সঙ্গে আইসক্রিম খাওয়া ও ছবি তোলায় ব্যস্ত।
মেলায় আরএফএল
প্যাভিলিয়নসহ অন্যান্য স্টলে ব্যাপক ভিড় দেখা গেছে। প্রতিটি স্টলেই ছাড়ের প্রতিযোগিতা
চলছে। আরএফএল পাইপ অ্যান্ড ফিটিংসের বিভিন্ন পণ্যে ১৫ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে।
বাণিজ্য মেলা
শেষের দিকে হওয়ায় অনেকে বাবা-মা ও পরিবার নিয়ে এসেছেন মেলায়। প্রয়োজনীয় আসবাবপত্র ক্রয়
করেছে। অনেকে বন্ধুদের নিয়ে ঘুরে ঘুরে মেলা পরিদর্শন করছেন।
মেলায় প্রদর্শনী
কেন্দ্রের দুটি হল ছাড়াও বাইরের প্রাঙ্গণে স্টল প্যাভিলিয়ন ও রেস্টুরেন্টসহ ৩৩১টি
স্থাপনা রয়েছে। শিশুদের বিনোদনের জন্য রয়েছে বিভিন্ন রাইডস।
মেলার নিরাপত্তা
বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। মেলায় নিয়োজিত পুলিশ
সদস্যরা দর্শনার্থীদের সার্বিক নিরাপত্তা বিষয় দেখভাল করেন। সাদা পোশাকেও বিশেষ টিম
নিরাপত্তায় কাজ শুরু করেছে।
মেলায় প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা রয়েছে। তবে সাপ্তাহিক বন্ধের দিন রাত ১০টা পর্যন্ত মেলা চলবে। মেলার প্রবেশমূল্য প্রাপ্তবয়স্কদের জন্য ৪০ টাকা এবং অপ্রাপ্তবয়ষ্কদের জন্য ২০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এইচআই/