নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
০৫ মার্চ ২০২৩ ১২:০০
ছবি: সংগৃহীত
অস্ট্রেলিয়ার
শিক্ষানগরী মেলবোর্ন থেকে যাত্রা শুরু হলো বাংলা ভাষায় প্রথম ও পূর্ণাঙ্গ ভ্রমণবিষয়ক
ওয়েবসাইট ঘুরুঞ্চি ডটকমের। শনিবার (৪ মার্চ) মেলবোর্নের মেরিবিরনং কমিউনিটি সেন্টারে
এক অনুষ্ঠানে ওয়েবসাইটটি উদ্বোধন করেন অস্ট্রেলিয়ায় ব্যবসায়ী কামরুল চৌধুরী।
নতুন এই
ওয়েবসাইটিতে সারা বিশ্বের বাংলাভাষী অ্যাডভেঞ্চার প্রিয়, ভ্রমণপ্রিয় মানুষের ভ্রমণসংক্রান্ত লেখা, নিবন্ধ, ছবি প্রকাশ পাবে।
অনুষ্ঠানে
কামরুল চৌধুরী বলেন, মেলবোর্ন থেকে বাংলা ভাষায় প্রথম ভ্রমণ ম্যাগাজিন ও ওয়েবসাইট
যাত্রা এক অনন্য ঘটনা। সারা বিশ্বের বাংলাভাষী অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ, নতুন উদ্যমে
তাদের লেখনীর মাধ্যমে যুক্ত থাকবেন এই ওয়েবসাইটের সঙ্গে।
কামরুল চৌধুরী
আরও জানান, ভ্রমণ মানুষের মনকে চাঙা রাখে, শরীর সুস্থ রাখে। আর ভ্রমণ নিয়ে লেখালেখি
নির্দোষ চিত্তবিনোদনের এক অফুরান উৎস। ঘুরুঞ্চির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তাতে
পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি। অনুরোধ রাখেন, ঘোরাঘুরির এই উদ্যোগ যেন মেলবোর্নের
বাংলা স্কুলের শিশুদের মাঝে ছড়িয়ে দেয়া হয়।
অনুষ্ঠানে
অস্ট্রেলিয়ার প্রধান বিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠান সিএসআইআরওর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা
নওশাদ হক জানান, ঘুরুঞ্চির নানান উদ্যোগ তিনি কাছ থেকে দেখেছেন। নতুন করে ভ্রমণ ওয়েবসাইটের যাত্রা তাকে আরও অনুপ্রাণিত করছে। ভ্রমণে মানুষের মন উদার হয়। নতুন প্রজন্ম
ভ্রমণে উৎসাহিত হয়ে বড় ভ্রমণকারী হয়ে উঠবেন বলে আশা রাখেন তিনি।
ঘুরুঞ্চির
প্রধান সম্পাদক সালাউদ্দিন আহমদ জানান, বাংলা ভাষায় পরিবেশ ও প্রকৃতিনির্ভর কর্মকাণ্ড ও ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করার মতো তেমন উল্লেখযোগ্য প্রকাশনা বা প্ল্যাটফর্ম নেই। ঘুরুঞ্চি
ম্যাগাজিন সেই শূন্যস্থান পূরণ করতে প্রতিশ্রুতিবদ্ধ। ঘুরুঞ্চি ম্যাগাজিন বাংলা ভাষায়
পূর্ণাঙ্গ ট্রাভেল ম্যাগাজিন। মানুষকে প্রকৃতির কাছাকাছি যেতে উৎসাহিত করা ও ভ্রমণে
আগ্রহী করে তোলাই ঘুরুঞ্চি ম্যাগাজিনের উদ্দেশ্য।
ঘুরুঞ্চির
প্রধান সম্পাদক আরও জানান, ২০২০ সালে ছোট পরিসরে ঘুরুঞ্চির যাত্রা শুরুর পর আর থেমে
থাকতে হয়নি। সাত মহাদেশের বাংলাভাষী ভ্রমণকারীরা তাদের লেখা পাঠাতে শুরু করেন। বাড়তে
থাকে উৎসাহ। সেই উৎসাহেই ঘুরুঞ্চির নবযাত্রা এই ওয়েবসাইট উদ্বোধনের মধ্য দিয়ে। তিনি
আশা করেন, নতুন এ ওয়েবসাইট Ghurunchi.com ঘুরুঞ্চিদের আরও উৎসাহ জোগাবে।
সাদিকা জাহান,
মাহবুব স্মারক ও জুঁই গোমেজের উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেলবোর্নের প্রবাসী
বাংলাদেশিরা ও অস্ট্রেলিয়ায় ভিক্টোরিয়া প্রদেশের গণ্যমান্য অতিথিরা। উদ্বোধনী অনুষ্ঠান
শেষে ছিল পরিবেশ, প্রকৃতি এবং ভ্রমণ বিষয়ে সাংস্কৃতিক আয়োজন, যাতে ঘুরুঞ্চির পরিবারের
সদস্যরা গান পরিবেশন করেন।
এসএ/