ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
২৫ সেপ্টেম্বর ২০২৩ ০৫:৪২
ছবি: সংগৃহীত
আগুনসন্ত্রাস
ছাড়তে ও গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করতে বিএনপিকে ৩৬ দিনের আল্টিমেটাম দিয়েছেন
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন,
বিএনপিকে আজকের এই সমাবেশ থেকে আল্টিমেটাম দিলাম; ৩৬ দিনের আল্টিমেটাম, ৩৬ ঘণ্টা নয়।
সোমবার
(২৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর উত্তরায় আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান
অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাজধানীতে
একটি অনুষ্ঠানে সোমবার দুপুরে খালেদা জিয়ার মুক্তির জন্য আওয়ামী লীগকে ৩৬ ঘণ্টার আল্টিমেটাম
দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এর জবাবে ওবায়দুল কাদের বলেন, ঠিক
হয়ে যান। ৩৬ দিনের মধ্যে আগুনসন্ত্রাস ছাড়তে হবে, ৩৬ দিনের মধ্যে গণতন্ত্রের বিরুদ্ধে
ষড়যন্ত্র বন্ধ করতে হবে। ৩৬ দিনের মধ্যে যদি বিএনপি সঠিক পথে না আসে, আমরা জনগণকে সাথে
নিয়ে বিএনপির কালো হাত গুঁড়িয়ে দেব।
এর আগে গতকাল
রবিবার বিদেশে চিকিৎসার জন্য আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে
মুক্তি দেওয়ার জন্য সরকারকে আল্টিমেটাম দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নেতাকর্মীদের
উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, বিএনপি যদি অস্ত্র নিয়ে আসে, তাহলে ওই হাত ভেঙে দিতে হবে।
যদি আগুন নিয়ে আসে, ওই হাত পুড়িয়ে দিতে হবে। যেমন কুকুর তেমন মুগুর।
আওয়ামী লীগ
সাধারণ সম্পাদক বলেন, খেলা হবে, হবে খেলা। আগামী মাসে খেলা হবে। আর আসল খেলা বা ফাইনাল
খেলা হবে জানুয়ারির প্রথম সপ্তাহে। তিনি নেতাকর্মীদের ফাইনাল খেলার জন্য প্রস্তুত থাকতে
নির্দেশ দেন।
আমেরিকার ভিসানীতির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, আজকে যারা নিষেধাজ্ঞার কথা বলে, স্যাংশনের কথা বলে, তাদের দেশে গণতন্ত্র ত্রুটিমুক্ত নয়। তাদের নিজেদের দেশে মানবতা ভুলুণ্ঠিত হচ্ছে। তারা কিছুই করতে পারছে না। কোনো নিষেধাজ্ঞা, ভিসানীতি আমরা মানি না। আমাদের নির্বাচন আমাদের সংবিধানের নিয়মে হবে। কারো খবরদারিতে বাংলাদেশের গণতন্ত্র চলবে না, বাংলাদেশের নির্বাচন চলবে না।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বলেন, আমরা এই ভিসানীতির তোয়াক্কা করি না। বার্তা দিয়ে দিচ্ছি, কারো নিষেধাজ্ঞার তোয়াক্কা আমরা করি না। বাংলাদেশ স্বাধীন করেছি কারো নিষেধাজ্ঞার পরোয়া করার জন্য নয়। রক্ত দিয়ে এই দেশ স্বাধীন হয়েছে কারো নিষেধাজ্ঞা মানার জন্য নয়।
ওবায়দুল
কাদের বলেন, আমার গণতন্ত্র আমি করব, আমার নির্বাচন আমি করব। তুমি কে? সাত সমুদ্র তেরো
নদীর পাড় থেকে আটলান্টিকের ওপার থেকে নিষেধাজ্ঞা দেবে?
এসএ/