নিজস্ব প্রতিবেদক

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


১৫ ডিসেম্বর ২০২৩ ০৩:১৭



আচরণবিধি লঙ্ঘন
রাজশাহী-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী রাহেনুল হককে কারণ দর্শানোর নোটিশ

নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

১৫ ডিসেম্বর ২০২৩ ০৩:১৭

রাজশাহী-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী রাহেনুল হককে কারণ দর্শানোর নোটিশ

ফাইল ছবি

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রাজশাহী-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. রাহেনুল হককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। এছাড়া একই অভিযোগে বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. লায়েব উদ্দীন লাভলু ও বাঘা পৌরসভার মেয়র মো. আক্কাস আলীকে নোটিশ দেওয়া হয়েছে।

শুক্রবার (১৫ ডিসেম্বর) রাজশাহী-৬ নির্বাচনী এলাকার নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং রাজশাহীর সিনিয়র সহকারী জজ মো. সেফাতুল্লাহ স্বাক্ষরিত পৃথক তিনটি চিঠিতে এ নোটিশ দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, আপনি (মো. রাহেনুল হক) গত সোমবার (১১ ডিসেম্বর) বিকেলে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘণ করে প্রতীক বরাদ্দ করার আগেই বাঘার তেথুলিয়া বাজারে রাস্তা বন্ধ করে দুই শতাধিক কর্মী নিয়ে পথসভা করেন এবং জনসংযোগ করে রাস্তার উভয় পাশে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে জনদুর্ভোগ তৈরি করেছেন।

যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর ১২ বিধির সুস্পষ্ট লঙ্ঘন।

তাই আগামী রবিবার (১৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজশাহীর সিনিয়র সহকারী জজ মো. সেফাতুল্লাহর কার্যালয়ে সশরীরে হাজির হয়ে অথবা প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য মো. রাহেনুল হককে নির্দেশ দেওয়া হয়।

এছাড়া স্বতন্ত্র পদপ্রার্থী মো. রাহেনুল হকের পক্ষে ওই পথসভা এবং জনসংযোগে সরকারি গাড়ি ব্যবহারের অভিযোগে বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. লায়েব উদ্দীন লাভলু ও বাঘা পৌরসভার মেয়র মো. আক্কাস আলীকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।

এজন্য তাদেরকেও আগামী রবিবার (১৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজশাহীর সিনিয়র সহকারী জজ মো. সেফাতুল্লাহর কার্যালয়ে সশরীরে হাজির হয়ে অথবা প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এসএ/