ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
২২ জানুয়ারি ২০২৪ ০৪:১২
ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জে তাপমাত্রা ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসায় জেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ২ হাজার ২৫৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে।
সোমবার (২২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে প্রাথমিকের ১ হাজার ৬৭১টি এবং দেড়টার দিকে মাধ্যমিকের ৫৮৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়। সিরাজগঞ্জের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।
জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম আবদুর রহমান বলেন, সিরাজগঞ্জের বাঘাবাড়ি আবহাওয়া অফিসের হিসাব অনুযায়ী তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে আসায় জেলার সব প্রাথমিক বিদ্যালয় আজকের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে অফিসিয়াল কার্যক্রম চলমান থাকবে।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মো. আফসার আলী বলেন, আমি সবসময় খোঁজ রাখছি তাপমাত্রা কত ডিগ্রিতে অবস্থান করছে। তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামায় জেলার সবগুলো মাধ্যমিক স্তরের (দাখিল মাদরাসাসহ) শিক্ষাপ্রতিষ্ঠান দুই দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
এসএ/