ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


২৭ জুন ২০২৪ ০৪:৪৬



১৪ দিন পর জনসম্মুখে মতিউরের স্ত্রী লায়লা

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

২৭ জুন ২০২৪ ০৪:৪৬

১৪ দিন পর জনসম্মুখে মতিউরের স্ত্রী লায়লা

ছবি: সংগৃহীত

ছাগলকাণ্ডে সমালোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদ্য সাবেক সদস্য মতিউর রহমানের স্ত্রী লায়লা কানিজ লাকীকে জনসম্মুখে দেখা গেছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদ কার্যালয়ে যান তিনি। ১৪ দিন পর তাকে জনসম্মুখে দেখা গেলো। এর আগে ১৩ জুন সবশেষ অফিস করেছিলেন তিনি।

বৃহস্পতিবার উপজেলা পরিষদ কার্যালয়ে এসএসসি পরীক্ষা এবং বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সম্পর্কিত দুটি প্রস্তুতি সভায় অংশ নেন লায়লা কানিজ লাকী। ওই সময় সেখানে সাংবাদিকদের উপস্থিতি চাননি তিনি। তাই সাংবাদিকদের সভাকক্ষে যেতে দেওয়া হয়নি। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সরকারি বিভিন্ন স্তরের কর্মকর্তারা ছিলেন।

সভা শেষে দুপুর ১টার দিকে একটি কালো পাজেরো গাড়িতে করে উপজেলা পরিষদ থেকে বের হয়ে যান লায়লা কানিজ লাকী। তবে তখনো তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি। তবে ওই সময় লাকীকে বলতে শোনা যায়, ‘পাছে লোকে কত কিছুই বলে। তাতে আমার কোনো কিছু আসবে যাবে না।

ছাগলকাণ্ডের পর থেকেই লায়লা কানিজ জনসম্মুখে আসেননি তিনি। বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি তাকে। মতিউর রহমানের প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকী। তিনি নরসিংদী রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান।

সরকারি তিতুমীর কলেজের সহযোগী অধ্যাপকের চাকরি ছেড়ে ২০২২ সালে রাজনীতিতে এসেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান হন লায়লা কানিজ। আছেন জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদকের দায়িত্বে। ছাগলকাণ্ডর পর তার নামে থাকা অঢেল সম্পদের বিবরণ শুনে বিস্ময় প্রকাশ করেছেন স্থানীয় ব্যক্তিরা।

এমএইচ/