বগুড়া সংবাদদাতা

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


১৭ নভেম্বর ২০২৪ ০৯:৫৩



বগুড়ায় নবান্ন উৎসব উদযাপন

বগুড়া সংবাদদাতা, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

১৭ নভেম্বর ২০২৪ ০৯:৫৩

বগুড়ায় নবান্ন উৎসব উদযাপন

ছবি: সংগৃহীত

বগুড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো নবান্ন উৎসব। শনিবার সকাল সাড়ে ১০টায় পুরাতন শিল্পকলা একাডেমির মিলনায়তনে "নতুন ধানে ভাত রেঁধেছি" শিরোনামে একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আয়োজনে সভাপতিত্ব করেন আমরা ক'জন শিল্পীগোষ্ঠীর সভাপতি লায়ন আব্দুল মোবিন জিন্নাহ।  

অনুষ্ঠানের নবান্ন কথন পর্বে বক্তব্য রাখেন সরকারি আজিজুল হক কলেজের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক শাহজাহান আলী, সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক লতা পারভিন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সাধন কুমার দেবনাথ, কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সহযোগী অধ্যাপক আল জাবির, শিবগঞ্জ উপজেলার সহকারী শিক্ষা অফিসার কৃষ্ণা তরফদার এবং জাতীয় সঞ্চয় অধিদপ্তরের সহকারী পরিচালক কৃষ্ণ কুমার শীল।  

অনুষ্ঠানের সূচনা হয় অতিথিদের মুখে চিড়া, মুড়ি, মোয়া, শীতের পিঠা তুলে দেওয়ার মধ্য দিয়ে। বক্তারা বলেন, নবান্ন উৎসব বাঙালির ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে মিশে আছে। নতুন ধানের প্রথম রান্নাকে ঘিরে এই উৎসব বাঙালির হৃদয়ের বন্ধনকে আরও দৃঢ় করে।  

উৎসবে মাহাবুব হাসান সোহাগের পরিকল্পনায় আমরা ক'জন শিল্পীগোষ্ঠী ও ঋদ্ধ সৃজনের শিল্পীরা লোকজ গানের সঙ্গে দলীয় নৃত্য পরিবেশন করেন। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন তাসনিম ত্রয়ী ও পুষ্পিতা। অনুষ্ঠানের শেষপর্বে অতিথি ও দর্শকদের নবান্নের খাবার পরিবেশন করা হয়।  

এসএ/