ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
১২ ডিসেম্বর ২০২৪ ১০:০২
ছবি: সংগৃহীত
রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদকে বহনকারী প্রিজন ভ্যানে হামলা চালিয়েছে বিএনপি-জামায়াতের বিক্ষুব্ধ কর্মীরা। বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর মহানগর ম্যাজিস্ট্রেট আদালত-১ এর সামনে এ ঘটনা ঘটে।
গত ৫ আগস্টে দুইটি হত্যার ঘটনায় দায়ের
করা মামলায় বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে তাকে রাজশাহীর এমএম-১ এর আদালতের হাজির
করা হয়। এসময় আসাদকে বহনকারী প্রিজনভ্যানকে উদ্দেশ্য করে ইট, কাদা ও ডিম নিক্ষেপ করা
হয়েছে। তবে এই ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আদালতে অতিরিক্ত
পুলিশ মোতায়েন করা হয়।
প্রত্যক্ষদর্শীরা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র
আন্দোলনের সময় রাজশাহী নগরীতে দুই শিক্ষার্থী নিহতের মামলায় আসাদকে আদালতে নেওয়া হয়
দুপুরে। পরে বিচারক দুটি মামলায় তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
রাজশাহী মেট্রপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ
কমিশনার সাবিনা ইয়াসমিন হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আসাদুজ্জামান আসাদের বিরুদ্ধে
নগরীর বোয়ালিয়া মডেল থানায় বিস্ফোরকসহ ৩০৭
ও ৩২৬ ধারায় মামলা দুটি মামলা রয়েছে। আজ তাকে আদালতে হাজির করা হয়েছিল। এ সময় উপস্থিত বিক্ষুব্ধ জনতা আসাদকে বহন করা পিজন ভ্যানে হামলা চালানোর চেষ্টা করে।’
আদালত সূত্রে জানা গেছে, নতুন যে দুটি
মামলায় আসাদকে গ্রেপ্তার দেখানো হয়েছে সেগুলো বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নগরের
বোয়ালিয়া থানায় দায়ের হয়েছে। একটি মামলার বাদীর নাম মো. রোকনুজ্জামান। গত ৫ আগস্ট ছাত্র-জনতার
ওপর হামলার ঘটনায় ২৫ সেপ্টেম্বর তিনি মামলাটি করেন। অপর মামলার বাদীর নাম আবদুর রশিদ
ফকির। ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে ২৮ নভেম্বর তিনি মামলাটি দায়ের করেন।
দুটি মামলা তদন্ত করছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি)
দুজন উপপরিদর্শক (এসআই)
প্রসঙ্গত, গত ৬ অক্টোবর রাজশাহীর মোহনপুর
থানার একটি মামলায় ঢাকায় গ্রেপ্তার হন আসাদুজ্জামান আসাদ। মোহনপুর থানার আরেকটি মামলায়
গ্রেপ্তার দেখাতে গত ৫ ডিসেম্বর তাকে আদালতে তোলা হয়েছিল।
/এসবি