ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


২৩ ডিসেম্বর ২০২৪ ০৯:৩৬



রাজধানীতে ২৪ ঘণ্টায় ৯৩ ছিনতাইকারী গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

২৩ ডিসেম্বর ২০২৪ ০৯:৩৬

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৯৩ ছিনতাইকারী গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

রাজধানীর বিভিন্ন এলাকায় গেল ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৯৩ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। আজ সোমবার বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মো. নজরুল ইসলাম।

গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকা থেকে এসব ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়।

অতিরিক্ত পুলিশ কমিশনার মো. নজরুল ইসলাম বলেন, ‘ছিনতাই ও চাঁদাবাজি বন্ধে পুলিশের বিশেষ অভিযান চলছে। ছিনতাই বেড়ে যাওয়ায় পুলিশের ঊর্ধ্বতনরাও মাঠ পর্যায়ে রাতভর তৎপর রয়েছে।

গ্রেপ্তার ছিনতাইকারীরা যাতে সহজে জামিন না পায়, সে বিষয়েও পুলিশের প্রসিকিউশন শাখাকে নির্দেশনা দেওয়ার কথাও জানান এই পুলিশ কর্মকর্তা।

নজরুল ইসলাম আরও বলেন, ‘ডিএমপির রমনা বিভাগ ৮ জন, মতিঝিল বিভাগ ১৪ জন, লালবাগ বিভাগ ২৬ জন, ওয়ারী বিভাগ ১০ জন, তেজগাঁও বিভাগ ১৯ জন, মিরপুর বিভাগ ৪ জন, উত্তরা বিভাগ ৮ জন ও গুলশান বিভাগ ৪ জনকে গ্রেপ্তার করে।’

/এসবি