ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


১১ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৪৫



ভোট কেনার অভিযোগে ধাওয়া খেলেন জামায়াত নেতা, আরেকজন আটক

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

১১ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৪৫

ভোট কেনার অভিযোগে ধাওয়া খেলেন জামায়াত নেতা, আরেকজন আটক

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের কামারখন্দে ভোট কেনার অভিযোগে একজন জামায়াত নেতা ধাওয়া খেয়েছেন। একই উপজেলায় আরেকজন জামায়াত নেতাকে নগদ টাকাসহ আটক করেছে স্থানীয়রা।

বুধবার সিরাজগঞ্জ-২ আসনের অন্তর্গত ঝাঐল ইউনিয়নের ময়নাকান্দি গ্রামে ভোট কেনার অভিযোগে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির মোস্তাক সরকারকে ধাওয়া দেয় স্থানীয়রা। অন্যদিকে একই উপজেলার রায়দৌলকপুর ইউনিয়নে ৭১ হাজার টাকাসহ জনতার হাতে আটক হন দলটির আরেক নেতা।

এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে মোস্তাক সরকারকে একজনকে টাকা দিতে দেখা যায়। পরে কয়েকজন ঘটনার ভিডিও করতে শুরু করলে তিনি দৌড়ে পালিয়ে যান। ভিডিওতে কয়েকজনকে তার পিছু ধাওয়া করতে দেখা যায়। তবে তিনি পালিয়ে যেতে সক্ষম হন।

ভোট কেনার তথ্য অস্বীকার করেছেন সিরাজগঞ্জ-২ আসনে জামায়াতের প্রার্থী মুহাম্মদ জাহিদুল ইসলামের প্রধান নির্বাচনি এজেন্ট শহিদুল ইসলাম। তিনি বলেন, ‘ভোটের আগে কেন্দ্র খরচসহ নেতাকর্মীদের অন্যান্য টাকা দিতে হয়। ওই টাকা তো কেন্দ্র খরচের টাকাও হতে পারে। ভয়ে হয়তো ওই জামায়াত নেতা দৌড় দিয়েছেন। ভোট কেনার তথ্য সত্য নয়।’

অন্যদিকে এই আসনে বিএনপির প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর প্রধান নির্বাচনি এজেন্ট সাইদুর রহমান বাচ্চু বলেন, ‘কামারখন্দ উপজেলায় টাকা দিয়ে ভোট কিনতে গিয়ে জামায়াত নেতার দৌড় দিয়ে পালানোর ভিডিওটি দেখেছি। শুধু কামারখন্দ উপজেলায় নয়, তারা বিভিন্ন স্থানে একই ধরনের কাজ করছে বলে সংবাদ পাচ্ছি। এ ছাড়া তারা সাধারণ ভোটারদের কেন্দ্রে যেতে ভয়ভীতি দেখাচ্ছে বলেও তথ্য পাওয়া যাচ্ছে।’

এ বিষয়ে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

/এসবি