ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
২৯ সেপ্টেম্বর ২০২৩ ১০:১৪
ছবি: সংগৃহীত
বাংলাদেশে গণতন্ত্র আছে বলেই জামায়াত-বিএনপির দোসর পাকিস্তানি প্রেতাত্মারা এখনও এই দেশে শান্তিপূর্ণ ভাবে বসবাস করছে বলে মন্তব্য করেছেন যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কুষ্টিয়া-৪ আসনের সাংসদ সেলিম আলতাফ জর্জ।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কুষ্টিয়ার কুমারখালী উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলের সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সেলিম আলতাফ জর্জ বলেন, অতীতে জামায়াত-বিএনপি দেশটাকে সন্ত্রাস ও জঙ্গিবাদের আখড়ায় পরিণত করতে সংখ্যালঘুদের উপর নির্যাতন, হত্যা, দমন, নিপিড়ন, গুলি-বোমা মেরে দেশটাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল।
কুষ্টিয়া-৪ আসনের এই সাংসদ আরও বলেন, যারা আজ দিনে রাতে তাদের বিদেশি প্রভুদের দিয়ে দেশের মানবাধিকার নিয়ে কথা বলেন তারা সেদিন কোথায় ছিলেন। আজ যখন দেশ সামনে দিকে এগিয়ে যাচ্ছে ঠিক সেই মুহুর্তে আবার সেই পাকিস্তানি প্রেতাত্মারা সক্রিয় হয়ে উঠেছে। তাদের দুই শীর্ষ নেতা যখন দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত হওয়ার কারণে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না এটা বুঝতে পেরে তারা আবার দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে অবৈধভাবে ফায়দা লড়তে চাই।
কিন্তু তাদের এই স্বপ্ন বাংলার আপামর জনসাধারণকে সঙ্গে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী আর এই বাংলার মাটিতে বাস্তবায়ন হতে দিবে না। নেত্রীর জন্মদিনে তাই আরেকবার এই দেশকে রক্ষায় ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান এমপি জর্জ।
কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সামছুজ্জামান অরুণের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ তাঁতী লীগের সহ-সভাপতি নিজামুল হক চুন্নু, কুমারখালী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান নিপুণ, কুমারখালী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতিয়ার রহমান টুকু, কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান তারেক, আইনবিষয়ক সম্পাদক বাবু শংকর কাজল, কুমারখালী উপজেলা যুবলীগের সভাপতি হারুন উর রহমান, কুমারখালী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সিরাজুল ইসলাম ভূট্রো, সাধারণ সম্পাদক রাসেল হোসেন আরজু, কুমারখালী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদ আলম, কুমারখালী পৌর ছাত্রলীগের সভাপতি খন্দকার মবিন হাসান প্রান্ত, সাধারণ সম্পাদক ইমরান হোসেন পলাশসহ প্রমুখ।
এসএ/