ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
০৬ জানুয়ারি ২০২৪ ১০:৩৭
ছবি: সংগৃহীত
ঢাকা-চট্টগ্রাম
মহাসড়কে এবার নাশকতার উদ্দেশ্যে ত্রিকোণ আকৃতির ধারালো লোহার পাত ব্যবহারের ঘটনা ঘটেছে।
এসব লোহার পাতের কারণে মহাসড়কে চলাচল করা যানবাহনের চাকা পাংচার হয়ে পড়ছে। লোহার পাত
তৈরির অভিযোগে ইমরান হোসেন নামে এক ওয়েল্ডিং মিস্ত্রিকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে
পুলিশ।
মিরসরাইয়ে লোহার
পাতে চাকা ফেটে যাওয়া একটি প্রাইভেট কারের মালিক কামরুল ইসলাম চৌধুরী বলেন, কেউ উদ্দেশ্যমূলকভাবে
মহাসড়কে এসব লোহার পাত ছিটিয়ে রাখে। বাড়ি ফেরার পথে কয়েকটি পাত আমার গাড়ির চাকায় ঢুকে
পড়ে। এতে চাকা ফুটো হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়তে হয়। পথে দেখেছি আরও অর্ধশতাধিক যানবাহন
একই কারণে বিকল হয়ে পড়ে আছে।
চট্টগ্রাম জেলার
মিরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম বলেন, শুক্রবার (৫ জানুয়ারি)
সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই ও সীতাকুণ্ডে এমন ধারালো
লোহার পাতে আঘাত পেয়ে ৮০টির মতো যানবাহন বিকল হয়ে পড়ে। সীতাকুণ্ডে লোহার পাতে বিকল
হয়ে যাওয়া গাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা ছোড়ার ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।
মো. মনিরুল ইসলাম
বলেন, লোহার টুকরো দিয়ে ছোট ছোট ত্রিকোণ কিছু ধারালো এঙ্গেল তৈরি করে মহাসড়কে ছড়িয়ে
দেয়া হয়েছিল। এগুলোর কারণে অনেক যানবাহনের চাকা পাংচার হয়। খবর পেয়ে আমরা সেগুলো সরিয়ে
নিয়েছি। এসব এঙ্গেল যে দোকানে বানানো হয়েছে, সে দোকানের মালিক ইমরান হোসেনকে শনিবার
সকালে আমরা গ্রেপ্তার করেছি। তার বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় মামলা হয়েছে। ওই মামলায়
তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এসএ/